ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোবাইল ফোন অপারেটরদের আপত্তির মধ্যেও মোবাইল ফোনের মূল্য সংযোজিত সেবা (ভ্যাস) লাইসেন্সিং নীতিমালা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে তথ্য প্রযুক্তি সংশি¬ষ্ট বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো।
বুধবার বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) অডিটোরিয়ামে এক গোলটেবিল বৈঠকে তারা এ দাবি জানায়।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) যে ভ্যাস খসড়া নীতিমালা করেছে, তা সময়োচিত পদক্ষেপ উলে¬খ করে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বলেছে, এ লাইসেন্স দেওয়া হলে টেলিযোগাযোগ ক্ষেত্রে সরকারের রাজস্ব আরো বাড়বে।
বেসিসের উদ্যেগে ‘জাতীয় উন্নয়ন ও বিভিন্ন নাগরিক সেবা স¤প্রসারণে প্রস্তাবিত ভ্যাস লাইসেন্সিং নীতিমালার ভূমিকা’ শীর্ষক এ গোলটেবিল বৈঠক হয়।
তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা বলেন, বর্তমানে ভ্যাস শিল্প কোনো লাইসেন্স দিয়ে নিয়ন্ত্রিত নয়, এজন্য বর্তমান ক্ষুদ্র সফটওয়ার ও আইটি উদ্যোক্তাদের মেধার ও কাজের যথাযথ মূল্যায়ন হচ্ছে না।
তারা বলেন, মোবাইল অপারেটরদের মাধ্যমে এ ধরনের একটি সার্ভিস দেওয়ায় যে প্রতিষ্ঠান কনটেন্ট তৈরি করছে, সে মাত্র শতকরা ১০ থেকে ২০ ভাগ রাজস্ব পাচ্ছে। বাকি অংশ অপারেটরদের কাছে চলে যাচ্ছে।
খসড়া নীতিমালা বাস্তবায়ন হলে সৃজনশীলতার মূল্যে পাওয়া যাবে বলে আশা করছেন বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা।
বেসিস সভাপতি মাহবুব জামান বলেন, “খসড়া নীতিমালার পক্ষে বা বিপক্ষে এটি কোনো বিষয় নয়, অপারেটররা বড় অংকের টাকা বিনিয়োগ করেছে তা ঠিক, তবে সব সময় তাদের ওপর নির্ভর থাকতে হবে তাও ঠিক নয়, এ সেক্টরটিকে কীভাবে আরো প্রসারিত করা যায় সেটিই এখন মূল বিষয়।”
গ্রামীণফোনের পরিচালক (কর্পোরেট অ্যাফেয়ার্স ডিভিশন) মো. মুনির হোসেন বলেন, “টুজি লাইসেন্স নবায়ন ও স্পেকট্রাম চার্জে অপারেটরদের বিপুল অংকের টাকা দিতে হয়েছে, আমরা চাই ভ্যাস বৃদ্ধি হোক। কিন্তু মোবাইল সেক্টরের কথাও ভাবা উচিৎ।”
মোবাইল ফোন অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটর অব বাংলাদেশ (অ্যামটব) সেক্রেটারি জেনারেল আবু সাঈদ খান বলেন, “আমরা কেউ কারো প্রতিপক্ষ নই, তবে এ শিল্পের বিকাশ ও প্রসারের দিকে লক্ষ্য রেখে সবাইকে সিদ্ধান্ত নিতে হবে।”
মোবাইল ফোনের মূল্য সংযোজিত সেবা (ভ্যাস) লাইসেন্স এর খড়সা নীতিমালা নিয়ে ইতিমধ্যে দেশের সব চেয়ে বড় দুই অপারেটর গ্রামীণফোন ও বাংলালিংক আপত্তি জানিয়েছে।
মে মাসে পৃথক দুটি অনুষ্ঠানে মোবাইল ফোনের মূল্য সংযোজিত সেবা (ভ্যাস) লাইসেন্স এর খসড়া নীতিমালা নিয়ে আপত্তি জানায় গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা টোরে জনসেন এবং ওরাসকম টেলিকম এর গ্রুপ সিইও আহমেদ আবু দোমা।
খসড়া নীতিমালা পুনর্বিবেচনার দাবিও জানিয়েছে এ দুটি অপারেটর।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মোবাইল ফোনের মূল্য সংযোজিত সেবা (ভ্যাস) লাইসেন্স এর খসড়া নীতিমালা গত মার্চে তৈরি করে।
খসড়া নীতিমালা অনুযায়ী, লাইসেন্স নেওয়া প্রতিষ্ঠান টেলিকম ভ্যাস অপারেটর হিসেবে পরিচিত হবে। মোবাইল অপারেটরদের বিদ্যমান প্রযুক্তি ও অবকাঠামো ব্যবহার করে ভ্যাস সেবা দেবে তারা।
খসড়া নীতিমালায় বলা হয়েছে, মোবাইল ফোন অপারেটররা এ লাইসেন্স পাবে না ।
গোলটেবিল বৈঠকে বাংলাদেশ মোবাইল ফোন ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা রফিকুল ইসলাম, কনটেন্ট প্রোভাইডার অ্যান্ড এগ্রিগেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সভাপতি সাইফুল ইসলাম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং সভাপতি আহমদুল হক ও অপারেটরদের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
গোলটেবিল বৈঠকে মূল বিষয়বস্তু উপস্থাপন করেন বেসিস সিনিয়র সহ-সভাপতি একেএম ফাহিম মাশরুর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/০০১৫ ঘ.
bdnews24