২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রায়ে ক্ষুব্ধ হলে মানুষ রুখে দাঁড়াতে পারে’

সুপ্রিমকোর্টের জমি ছেড়ে দিতে সড়ক ও জনপথ বিভাগকে দেওয়া উচ্চ আদালতের আদেশ পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে এ কথা বলেছেন স্পিকার আবদুল হামিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2012, 07:12 PM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিমকোর্টের জমি ছেড়ে দিতে সড়ক ও জনপথ বিভাগকে দেওয়া উচ্চ আদালতের আদেশ পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে স্পিকার আবদুল হামিদ বলেছেন, আদালতের রায়ে ক্ষুব্ধ হলে জনগণ বিচার বিভাগের বিরুদ্ধেও রুখে দাঁড়াতে পারে। মঙ্গলবার জাতীয় সংসদে রাজশাহী-৬ আসনের সাংসদ শাহরিয়ার আলমের এক অনির্ধারিত আলোচনার পর স্পিকার এ কথা বলেন। সুপ্রিমকোর্টের নির্দেশনা অনুযায়ী সড়ক বিভাগকে ৬ জুনের মধ্যে ‘সড়ক ভবন’ ছেড়ে দিতে হবে উল্লেখ করে শাহরিয়ার আলম বলেন, “স্বল্প সময়ের নোটিসে প্রতিষ্ঠানটি কোথায় যাবে? দুই লাখ আটাশ হাজার বর্গফুটের জায়গা, এতো বড় জায়গা তারা কোথায় পাবে?” “আদালতের সমালোচনা করা যায় না। কিন্তু আদালতের অনেক কর্মকা- দেখে মনে হয়- কার চেয়ে কে বড়! সংবিধানের ৭৮ অনুচ্ছেদে সংসদ সদস্যদের দায়মুক্তি দেওয়া হয়েছে। তাই আদালতকে নিয়ে বলতে পারি। কারণ আমরা দায়মুক্ত”, বলেন এই আইনপ্রণেতা। এই আলোচনায় অংশ নিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের সাংসদ মঈনুদ্দিন খান বাদল বলেন, “ল ইজ ব্লাইন্ড। বাট দ্য ম্যান বিহাইন্ড দি ল’ ইজ নট ব্লাইন্ড।” এ বিষয়ে স্পিকার বলেন, “আমরা এখানে বসে আইন করছি। এই আইন জনগণের কাজে না লাগলে- জনগণ রুখে দাঁড়াবে। সরকার স্বৈরাচারী হলে, সরকারের বিরুদ্ধে জনগণের রুখে দাঁড়ানোর ইতিহাস রয়েছে। আদালতের রায়ে জনগণ ক্ষুব্ধ হলে বিচার বিভাগের বিরুদ্ধেও রুখে দাঁড়াতে পারে মানুষ।” সংসদ, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগকে রাষ্ট্রের ‘প্রধান তিনটি স্তম্ভ’ উল্লেখ করে স্পিকার বলেন, সংসদ হচ্ছে সার্বভৌম। “তার মানে আমি সুপ্রিম এটা ভাবা ঠিক নয়। সরকার যদি মনে করে তারাই সব- সেটাও ভাবা উচিত নয়। আবার আদালতও যা ইচ্ছে তা করবে- তা ঠিক না। আসলে রাষ্ট্রের প্রধান তিনটি প্রতিষ্ঠানকে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে হবে। “তাই বিচার বিভাগের কাছে বিনীতিভাবে অনুরোধ করছি, দেশের স্বার্থেই তারা যেন বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেন। আমাদের আরো সহনশীল হতে হবে। সহযোগিতা করতে হবে। সব দিক বিবেচনা করেই এগোতে হবে। আমাদের একে অপরের প্রতি শ্রদ্ধা থাকতে হবে”, যোগ করেন হামিদ। গত বছরের ১০ মার্চ হাই কোর্টের একটি বেঞ্চ এক রায়ে সড়ক ভবন ও শিশু একাডেমীর দখলে থাকা জমি সুপ্রিম কোর্টের সম্পত্তি ঘোষণা করে রায় দেয়। এই রায়ের বিরুদ্ধে উভয় প্রতিষ্ঠান আপিল আবেদন করলে শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বে সাত সদস্যের বেঞ্চ তা খারিজ করে ওই জমি সুপ্রিম কোর্টকে বুঝিয়ে দিতে বলে। এ বিষয়ে স্পিকার বলেন, “আদালতের কারণে যদি সব কাজকর্ম বন্ধ হয়ে যায়, তাহলে তো সরকার প্যারালাইজড হয়ে যাবে।” “রাস্তাঘাট যদি খারাপ হয়, তাহলে দেশে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এই রাস্তা দিয়ে তো বিচারপতিরাও চলাফেরা করেন”, বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/জেকে/০১০৬ ঘ.