খুলনা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের ১৩ দিনেও কলেজছাত্র আল মাসুদ পরশ উদ্ধার হয়নি।
মঙ্গলবার খুলনা প্রেসক্লাবে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন এক সংবাদ সম্মেলনে পরশকে উদ্ধারের জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দেয়। তা না হলে খুলনা থেকে পাট রপ্তানি বন্ধ করার হুমকি দেন নেতারা।
এ সময় তারা কর্মসূচিও ঘোষণা করেছেন। এরমধ্যে রয়েছে বৃহস্পতিবার সকাল ১০ থেকে বেলা ১২টা পর্যন্ত নগরীর দৌলতপুরে মানববন্ধন এবং ২ জুন সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত খুলনা-যশোর সড়কের মুহসিন মোড়ে অবরোধ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন বিজেএ’র চেয়রম্যান মো. মাহফুজুল হক।
তিনি বলেন, খুলনা পাবলিক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র পরশ অপহৃত হওয়ার তের দিনেও উদ্ধার না হওয়ায় তার পরিবার ও পাট ব্যসায়ীরা উৎকণ্ঠায় রয়েছে।
অপহরণকারীরা চিহ্নিত হওয়া এবং যে মোবাইল ফোন থেকে মুক্তিপণ দাবি করা হয় সেটি আটক করার পরও পরশ উদ্ধার হয়নি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজেএ’র সিনিয়র ভাইস চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, পাট রপ্তানিকারক মো. শরীফ ফজলুর রহমান, এসএম সাইফুল ইসলাম পিয়াস, পরিতোষ হালদার কানু, শেখ রুহুল আমিন, পরশের বাবা মো. আলাউদ্দিন হাওলাদার ও মা শিখা পারভীন।
গত ১৭ মে সকালে বাড়ি থেকে আশিক নামে এক ছেলে পরশকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ।
এ ঘটনায় ১৯ মে পরশের বাবা থানায় একটি মামলা করেছেন। পুলিশ এজাহারভুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
পরশ দৌলতপুরের পাট ব্যবসায়ী মো. আলাউদ্দিন হাওলাদারের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে পরশ সবার বড়। সে খুলনা পাবলিক কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৪ ঘ.
bdnews24