২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিমনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছালো

র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে পঙ্গু হওয়া লিমন হোসেনের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠন পিছিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2012, 12:47 PM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ঝালকাঠি, মে ২৯ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে পঙ্গু হওয়া লিমন হোসেনের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠন পিছিয়েছে। ঝালকাঠির যুগ্ম জেলা জজ মনজুরুল ঈমাম মঙ্গলবার নতুন তারিখ নির্ধারণ ১৫ জুলাই করেন বলে লিমনের আইনজীবী আককাস সিকদার জানান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লিমনের সঙ্গে থাকা অপর পলাতক ৭ আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশসহ অন্যান্য আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে আগামী ১৫ জুলাই পরবর্তী তারিখ ধার্য হয়েছে। ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে এইচএসসি পরীক্ষার্থী লিমন ২০১১ সালের ২৩ মার্চ র‌্যাবের গুলিতে পা হারান। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে লিমনসহ ৮ জনের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আরেকটি মামলা করে। তবে লিমন দাবী করে আসছেন- মাঠে গরু আনতে গেলে তাকে সেখান থেকে ধরে নিয়ে গুলি করে র‌্যাব। সকালে মা হেনো-আরা বেগম ও ভগ্নিপতি হুমায়ুন আহম্মেদকে সঙ্গে নিয়ে আদালতে হাজিরা দিতে আসেন লিমন হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৮৪০ ঘ.