ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কর্মীদের ওপর হামলা এবং অন্য সব সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে তার দপ্তরে এক বৈঠকে সাংবাদিক নেতারা এ দাবি জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, অপর অংশের সভাপতি রুহুল আমিন গাজী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামালউদ্দিন সবুজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি আব্দুস শহিদ, অপর অংশের সভাপতি ওমর ফারুক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আখতারুজ্জামান লাবলু, যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান, ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি শফিউদ্দিন বিটু প্রমুখ।
বৈঠক শেষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিডিনিউজকর্মীদের ওপর হামলাসহ সাম্প্রতিক সময়ে সংঘটিত সব সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনার বিচারের দাবি জানিয়েছি।
“ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের বলেছেন বাকিদেরও দ্রুত ধরার নির্দেশ দেওয়া হয়েছে।”
স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সাংবাদিকরা আরো কয়েকটি দাবি তুলে ধরেন বলে জানান এই সাংবাদিক নেতা।
এসব দাবির মধ্যে রয়েছে-সড়ক দুর্ঘটনায় বিভাস চন্দ্র সাহা নিহত হওয়ার পর বিক্ষুব্ধ সাংবাদিক ও স্থানীয় জনতাকে লাঠিপেটা করায় ধানমন্ডি থানার ওসি মনিরুজ্জামানের অপসারণ, প্রথম আলোর ফটো সাংবাদিকদের পেটানোর ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বিভাগীয় তদন্ত কমিটি গঠন, সাগর-রুনির হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার এবং বিগত সময়ে সব সাংবাদিক নির্যাতন ও হত্যা ঘটনার পুনঃতদন্ত।
পুনঃতদন্তের বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে হত্যাকাণ্ডের শিকার সব সাংবাদিকদের নাম-পরিচয় দিতে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
“আমরা শিগগিরই তা মন্ত্রণালয়ে জমা দেবো”, যোগ করেন ডিআরইউ সভাপতি।
সোমবার রাতে মহাখালীর আমতলিতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ের নিচে সাংবাদিক রিফাত নেওয়াজ এবং সালাহউদ্দিন ওয়াহিদ প্রীতমকে এলোপাতাড়ি কোপায় স্থানীয় সন্ত্রাসীরা। হামলায় গুরুতর আহত হন অফিস সহকারী রুহুল আমিনও। তারা রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এছাড়া সারা দেশে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন ওই হামলার নিন্দা জানানোর পাশাপাশি হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মঙ্গলবার মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এইচএ/১৯৩০ ঘ.
bdnews24