২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমিন বাজারে ছাত্র হত্যা: আরো ২ জন রিমান্ডে

সাভারের আমিন বাজারে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় রাশেদ ও মো. রানা নামের দুইজনকে চার দিন করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2012, 11:56 AM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আমিন বাজারে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় রাশেদ ও মো. রানা নামের দুইজনকে চার দিন করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ঢাকার মুখ্য বিচারিক হাকিম ওয়াসিম শেখ মঙ্গলবার এই হেফাজত মঞ্জুর করেন। এ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সিরাজুল ইসলাম তাদের ১০ দিন করে রিমান্ডে চেয়েছিলেন। গত বছরের ১৭ জুলাই শবে বরাতের রাতে আমিনবাজারের বড়দেশী গ্রাম সংলগ্ন কেবলার চরে ঢাকার ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়। তাদের সঙ্গে থাকা আল আমিন নামের এক ছাত্র প্রাণে বেঁচে যান। এরপর স্থানীয় বালু ব্যবসায়ী মালেক ডাকাতির অভিযোগ এনে আল আমিনের বিরুদ্ধে একটি মামলা করে। ২০ মার্চ আবদুল মালেক এবং আবদুল হামিদ নামে আরেক বালু ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পাঠায় সিআইডি। ওই সময় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা। জবানবন্দিতে রাশেদ ও রানার নাম বেরিয়ে আসে। নিহত ছাত্রদের ডাকাত সন্দেহে হত্যা করায় সাভার থানা পুলিশও একটি মামলা করে, যাতে অজ্ঞাত পরিচয় গ্রামবাসীদের আসামি করেন ওই থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন। সিআইডি কর্মকর্তা সিরাজুল দুটি মামলারই তদন্ত করছেন। আলোচিত ওই ঘটনার বিচার বিভাগীয় তদন্তে বেরিয়ে আসে যে, নিহত ছাত্ররা ডাকাত ছিল না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমডি/জেকে/১৭৫০ ঘ.