ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লায় একটি মালবাহী ট্রেনের চারটি কনটেইনার লাইনচ্যুত হয়ে ১৬ ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা, সিলেট ও চাঁদপুরের রেল যোগাযোগ ফের চালু হয়েছে।
এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি করেছে রেলওয়ে পূর্বাঞ্চল।
কুমিল্লা স্টেশনের সহকারী মাস্টার আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে রাত ১টার পর ময়নামতি ও পাদুয়াবাজার রেলস্টেশনের মাঝামাঝি এলাকায় একটি মালবাহী ট্রেনের ৪টি কনটেইনার লাইনচ্যুত হয়। ফলে তখন থেকেই ওই পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
দুটি উদ্ধারকারী ইঞ্জিনের সহায়তায় কনটেইনার সরানোর পর মঙ্গলবার বিকাল ৫টা ১০ মিনিটে আবার ট্রেন চলাচল শুরু হয় বলে কুমিল্লা রেলের সহকারী প্রকৌশলী হামিদুর রহমান জানান।
প্রায় ১৬ ঘণ্টা যোগাযোগ বন্ধ থাকায় ঢাকা, চট্টগ্রাম ও সিলেট থেকে ৯টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়। কুমিল্লা, আখাউড়া ও লাকসাম স্টেশনে আটকা পড়ে ৬টি ট্রেন। ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
রেল কর্মকর্তারা জানান, কনটেইনারবাহী ট্রেন যাওয়ার সময় লাইনের স্লিপার ভেঙে যায়। এর ফলে চারটি কনটেইনার লাইনচ্যুত হয় এবং প্রায় ২ হাজার ফুট রেলপথ ক্ষতিগ্রস্ত হয়।
কুমিল্লার স্টেশন মাস্টার জানান, দীর্ঘ সময় লাইন বন্ধ থাকায় ঢাকা থেকে রাতে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা তূর্ণা নিশিথার যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে দুপুরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত রেললাইনটুকু পার করানো হয়। তারপর তাদের ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা তূর্ণা নিশিথায় করে চট্টগ্রামে পাঠানো হয়। এই ট্রেনের যাত্রীদেরও একইভাবে ওপারের ট্রেনে করে ঢাকায় পাঠানো হয়েছে।
ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস নির্ধারিত সময়ের সাড়ে পাঁচ ঘণ্টা পর বেলা সাড়ে বারটার দিকে রওনা হলেও কুমিল্লায় আটকা পড়ে। লাইন চালু হওয়ার পর ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
এছাড়া সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে পাঁচটি, চট্টগ্রাম-সিলেট লাইনের তিনটি এবং সিলেট-চট্টগ্রাম রুটের একটি ট্রেনের যাত্রা বাতিল করা হয় বলে রেলওয়ে পূর্বাঞ্চলের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মো. শাহজাহান জানান।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে রেলওয়ে পূর্বাঞ্চলের ডিভিশনাল ট্রাফিক কর্মকর্তা জাকির হোসেনকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রেলের বিভাগীয় প্রকৌশলী-১, বিভাগীয় প্রকৌশলী (যন্ত্রকৌশল) ও প্রকৌশলীকে (সিগন্যাল ও টেলিকম) এই কমিটির সদস্য করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এসএইচএ/জেকে/১৭৩০ ঘ.
bdnews24