ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিকে বিক্ষোভের সময় তিন সাংবাদিককে নির্যাতনের ঘটনায় তিন পুলিশ কর্মকর্তাকে তলব করে ব্যাখ্যা দিতে বলেছে হাই কোর্ট।
মহানগর পুলিশের (তেজগাঁও জোন) সহকারী কমিশনার শহীদুল ইসলাম, শেরেবাংলা নগর থানার ওসি (তদন্ত) কবির হোসেন এবং একই থানার ওসি জাকির হোসেনকে ৫ জুন আদালতে হাজির হয়ে সাংবাদিক নির্যাতনে সংশ্লিষ্টতার কারণ ব্যাখ্যা দিতে হবে।
ওসি জাকির গত ২৬ মে কেন মামলা নেননি, তার ব্যাখ্যাও তাকে দিতে হবে।
এছাড়া কবির ওই ঘটনার সঙ্গে জড়িত কি-না, ৪৮ ঘণ্টার মধ্যে তা খতিয়ে আইজিপিকে নির্দেশ দিয়েছে আদালত।
আদালত বলেছে, ঘটনার শিকার ব্যক্তিদের বক্তব্যে যদি প্রতীয়মান হয় যে, ওই ঘটনায় কবিরের সংশ্লিষ্টতা ছিল, তাহলে তদন্ত চলকালেই তার বিরুদ্ধে চাকরি বিধি অনুসারে ব্যবস্থা নিতে হবে।
ল’ রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক মাশহুদুল হকের একটি আবেদনে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এই আদেশ দেয়।
রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, চাকরিবিধিতেই এ ধরনের অবস্থায় বরখাস্ত করার কথা বলা হয়েছে।
আরেক নির্দেশনায় আদালত নির্যাতনের ঘটনায় দায়ী পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে টাকা নিয়ে আহত সাংবাদিকদের চিকিৎসার ব্যয় বহনের জন্য পুলিশ মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছে।
এছাড়া আদালত তাকে ১৪ জুনের মধ্যে একটি অগ্রগতি প্রতিবেদন দিতে বলেছে, যা হলফনামা আকারে জমা দিতে হবে।
দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য এই তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে না, সাংবাদিক নির্যাতনের ঘটনায় শেরেবাংলা নগর থানায় ২৬ তারিখে দায়ের করা এজাহার কেন মামলা হিসাবে নেওয়া হবে না এবং নির্যাতনের শিকার সাংবাদিকদের ক্ষতিপূরণ দিতে দায়ীদের কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়ে তিনটি রুলও জারি করেছে আদালত।
ওই তিন পুলিশ কর্মকর্তাসহ স্বরাষ্ট্র সচিব ও পুলিশের মহাপরিদর্শককে তিন সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।
এছাড়া অন্তত উপ সচিব মর্যাদার একজনকে প্রধান করে ঘটনা তদন্তের জন্য একটি কমিশন গঠন করতে আইন সচিবকে নির্দেশ দিয়েছে আদালত। তদন্ত কমিটিকে ১৫ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দিতে হবে।
আদালতের আদেশের পর মনজিল মোরসেদ বলেন, “এই ঘটনায় ইতোমধ্যে পুলিশ একটি তদন্ত কমিটি গঠন করেছে। যেহেতু ওই নির্যাতনের ঘটনাটি ঘটিয়েছে পুলিশ, তাই তাদেরকে দিয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া কঠিন। এ কারণে আমরা অন্য কাউকে দিয়ে তদন্ত করানোর জন্য আদালতে আবেদন করলে আদালত এই আদেশ দেয়।
শনিবার দুপুরে আগারগাঁওয়ে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সড়ক অবরোধের সময় দায়িত্ব পালনকালে প্রথম আলোর তিন আলোকচিত্র সাংবাদিক খালেদ সরকার, সাজিদ হোসেন ও জাহিদুল করিমকে ব্যাপক মারধর করে পুলিশ সদস্যরা, যাতে শহীদুলও অংশ নেন।
প্রাথমিক তদন্তের পর শহীদুলসহ নয় পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বাকি আটজন হলেন- উপপরিদর্শক জহিরুল ইসলাম, সহকারী উপপরিদর্শক শফিকুর রহমান ও নাজমুল ইসলাম, কনস্টেবল মতিউর রহমান, আব্দুর রাজ্জাক, মো. শাহজাহান, মো. জয়নাল, রতন ও জাহাঙ্গীর।
সাংবাদিকদের পেটানোর ঘটনায় ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার শাহাবুদ্দিন কোরেশিকে প্রধান করে গঠিত তদন্ত কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আদেশের পর রিটকারী মাশহুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সাংবাদিকদের নিরাপত্তা চাই। সুষ্ঠুভাবে কাজ করার পরিবেশ চাই। সেই পরিবেশ নিশ্চিত করতেই রিট আবেদন নিয়ে হাই কোর্টে এসেছি। কারো সঙ্গে আমাদের কোন শত্রুতা নেই।”
’সাংবাদিক নির্যাতন বন্ধ হতে হবে’
অ্যাডভোকেট মনজিল মোরসেদ আদালতে বলেন, “প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই আমরা পত্রিকা পড়ি। পত্রিকার মাধ্যমে দেশের খবর দশের খবর জানতে পারি। সরকারসহ সর্বস্তরের মানুষ এর দ্বারা উপকৃত হচ্ছে। গণমাধ্যম এদেশের গণতন্ত্রকে সংহত করছে।
“এরপরও এদেশের সাংবাদিকরা একের পর এক নির্যাতনের শিকার হচ্ছেন। সাগর-রুনি মরে গেল। তাদের বিষয়ে এই আদালতকেও হস্তক্ষেপ করতে হয়েছে। রাস্তায় কাজ করার সময় তিনজন সাংবাদিককে মারা হলো। গতকাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে গিয়ে দুই সাংবাদিককে কোপানো হয়েছে। কিছুদিন আগে সাতক্ষীরায় এক সাংবাদিককে একটি রিপোর্টের জন্য মারধর করে হাত পা বেঁধে নদীর পাড়ে ফেলে আসা হয়েছে।”
দেশ ও জাতির স্বার্থে এই নির্যাতন বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
‘পুলিশের সঙ্গে সমস্যা কোথায়’
শুনানির এক পর্যায়ে আদালত বলেন, “সাংবাদিক ও আইনজীবীদের এই অবস্থা কেন? তারা মারা গেলে বিচার হয় না। তদন্তও এগোয় না। বছরের পর বছর বিচার হয় না।”
আদালত প্রশ্ন করেন, “পুলিশের সঙ্গে তাদের সমস্যা কোন জায়গায়? কেন পুলিশ এই দুই স¤প্রদায়ের ওপর অসন্তুষ্ট?”
সাগর-রুনীর মামলার তদন্তভার র্যাবকে হস্তান্তরের দিনও আদালত একই ধরেনর মন্তব্য করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৯০৫ ঘ.
bdnews24