ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কর্মীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
সোমবার রাতে সন্ত্রাসী হামলার পরপরই সাংবাদিকদের বিভিন্ন সংগঠন ও সারাদেশের প্রেসক্লাবগুলো নিন্দা জানিয়ে বিবৃতি দিতে থাকে। কর্মসূচি ঘোষণা করে বেশ কয়েকটি সংগঠন।
মহাখালীর আমতলি কার্যালয়ের নিচে ওই সন্ত্রাসী হামলায় সাংবাদিক রিফাত নেওয়াজ ও সালাহউদ্দিন ওয়াহিদ প্রীতমকে এলোপাতাড়ি কোপায় সন্ত্রাসীরা। হামলায় আহত হন অফিস সহকারী রুহুল আমিনসহ আরো কয়েকজন সংবাদকর্মী।
ঘটনার প্রতিবাদে রাজবাড়ী জেলা প্রেসক্লাব, ময়মনসিংহ সিটি প্রেসক্লাব, রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, রাজবাড়ী জেলা প্রেসক্লাব, কুষ্টিয়া প্রেসক্লাব এবং দিনাজপুরে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন মঙ্গলবার সকালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
নেত্রকোণায় সাংবাদিকদের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোও প্রতিবাদ সমাবেশ। সংগঠনের নেতারা ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
বেলা সাড়ে ১১টায় জেলা প্রেসক্লাবে নেত্রকোণা জেলা সাংবাদিক সমিতির উদ্যোগে প্রতিবাদ সভা হয়। এ ছাড়া নেত্রকোণা জেলা মানবাধিকার কমিশন কার্যালয়ে সকালে এক প্রতিবাদ সমাবেশে জেলা মানবাধিকার কমিশন, নেত্রকোণা পর্যটন উন্নয়ন জোট, মাদার থিয়েটার গ্র“প সভা করে ঘটনার নিন্দা জানিয়েছে।
এর আগে ১০টার দিকে কেন্দুয়া উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ করে কেন্দুয়া প্রেসক্লাব। সংগঠনের নেতারা দোষীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
প্রায় একই সময় মানববন্ধন কর্মসূচি পালন করে মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্যরা। মদন উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গণে রিপোর্টার্স ইউনিটি ও প্রেসক্লাবের যৌথ উদ্যোগেও প্রতিবাদ সমাবেশ হয়েছে। এছাড়াও আটপাড়া, পূর্বধলা ও দুর্গাপুর উপজেলার স্থানীয় সাংবাদিকরা পৃথক প্রতিবাদ সভা করেছেন।
এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে মানববন্ধন ও কালোব্যাজ ধারণ কর্মসূচির ঘোষণা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৪২৫ ঘ.
bdnews24