ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির দ্বিতীয় দফা ময়নাতদন্তের ভিসেরা প্রতিবেদন হাতে পেয়েছে র্যাব।
র্যাবের মিডিয়া উইং এর পরিচালক এম সোহায়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঙ্গলবার সকালে প্রতিবেদনটি আমাদের হাতে এসেছে। এ প্রতিবেদন তদন্ত কাজে আমাদের সহায়তা করবে।”
তবে প্রতিবেদনের বিষয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি তিনি।
গত ২৬ এপ্রিল সাগর-রুনির লাশের পুনঃময়নাতদন্ত শেষে চিকিৎসক জানিয়েছিলেন, দেহ অনেকটাই পচে যাওয়ায় সব ঠিকমতো বোঝা যায়নি।
গত ১১ ফেব্রুয়ারি রাজধানীর রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছারাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি। ওই ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন রুনির ভাই। সে অনুযায়ী পুলিশ তদন্ত শুরু করে।
কিন্তু হত্যাকাণ্ডের পর দীর্ঘ দিনেও কেউ গ্রেপ্তার না হওয়ায় এবং হত্যার কারণ জানতে না পারায় হাই কোর্ট ক্ষোভ প্রকাশ করে পুলিশের দক্ষতা নিয়ে প্রশ্ন তোলে। এরপর সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে দ্রুততম সময়ের মধ্যে এ মামলার তদন্ত শেষ করার জন্য র্যাবকে দায়িত্ব দেওয়া হয়।
দায়িত্ব পাওয়ার পর র্যাব পুনঃময়নাতদন্ত এবং ভিসেরা পরীক্ষার জন্য আদালতের অনুমতি নিয়ে গত ২৬ এপ্রিল কবর থেকে সাগর-রুনির লাশ তুলে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পাঠায়। সেখানে পরীক্ষা শেষে তাদের দেহাবশেষ আবার দাফন করা হয়।
লাশের পুনঃময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান কাজী গোলাম মোখলেসুর রহমান মর্গে সাংবাদিকদের বলেছিলেন, “বডি হাইলি ডিকম্পোজড হয়ে গেছে। পেশি ও চামড়া হাড় থেকে অনেকটাই সরে গেছে। অর্গানগুলোও ঠিকমতো বোঝা যাচ্ছিল না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/জেকে/১৩৪৫ ঘ.
bdnews24