২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সন্ত্রাসীদের ধরতে পুলিশের কয়েকটি টিম নেমেছে’

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কর্মীদের উপর হামলাকারীদের খুঁজে বের করতে ঢাকা মহানগর পুলিশের কয়েকটি টিম কাজ করছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের উপ কমিশনার (গুলশান বিভাগ) লুৎফুল কবির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2012, 05:56 PM

Updated : 24 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কর্মীদের উপর হামলাকারীদের খুঁজে বের করতে ঢাকা মহানগর পুলিশের কয়েকটি টিম কাজ করছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের উপ কমিশনার (গুলশান বিভাগ) লুৎফুল কবির। সোমবার রাতে তিনি বলেন, “ডিএমপির কয়েকটি টিম বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে। এ ধরনের ঘটনায় সন্ত্রাসীদের ধরতে ডিএমপির শতভাগ সফলতা রয়েছে।” এই এলাকায় (মহাখালী-আমতলী) যারা অতীতে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত এবং প্রাথমিকভাবে সাজাপ্রাপ্ত তাদের ব্যাপারে খোঁজ-খবর নেয়া হচ্ছে বলে জানান পুলিশের ডিসি। সোমবার সন্ধ্যায় মহাখালীর আমতলিতে কার্যালয়ের নিচে সাংবাদিক রিফাত নেওয়াজ এবং সালাহউদ্দিন ওয়াহিদ প্রীতমকে এলোপাতাড়ি কুপিয়েছে সন্ত্রাসীরা। হামলায় আহত হয়েছেন অফিস সহকারী রুহুল আমিনও। লুৎফুল কবির বলেন, “কারা এ ঘটনা করেছে এটা এখনো পরিস্কার নয়, তবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কর্মীদের কাছ থেকে জেনেছি, অফিস স্থানান্তরের জন্য ফুটপাতে মালামাল রাখা নিয়ে অফিস সহকারী রুহুল আমিনের সাথে সন্ধ্যায় স্থানীয় একজনের কথা কাটাকাটি হয়।” একপর্যায়ে অফিস সহকারী রুহুল আমিনের উপর এক সন্ত্রাসী হামলা চালায়। “রুহুল আমিনের উপরে হামলার কথা শুনে কার্যালয়ে দায়িত্বরত সাংবাদিকরা নিচে গিয়ে ওই সন্ত্রাসীকে আটকে পুলিশে খবর দিলে তার সঙ্গীরা জড়ো হয়ে অস্ত্র-শস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায়”- যোগ করেন পুলিশের ডিসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/সিএস/এইচএ/২৩৫১ ঘ.