কুকুর লেলিয়ে খুন রিয়াদকে লন্ডন থেকে ফেরত আনার নির্দেশ
চট্টগ্রামের নিহত হিমাদ্রি মজুমদার হিমুকে নির্যাতনের ঘটনায় দায়ী হিসেবে চিহ্নিত জুনায়েদ আহমেদ রিয়াদকে লন্ডন থেকে ফিরিয়ে আনতে সাত দিনের মধ্যে পদক্ষেপ নিতে বলেছে হাই কোর্ট।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানির পর সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এই আদেশ দেয়।
এই আদেশ বাস্তবায়ন করে স্বরাষ্ট্র সচিব ও পুলিশের মহাপরিদর্শককে ১৫ দিনের মধ্যে আদালতে অগ্রগতির প্রতিবেদন দিতে বলা হয়েছে।
ওই খুনের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে ব্যাখ্যা দিতে পাঁচলাইশ থানার ওসিকেও তলব করেছে আদালত। তাকে আগামী ৭ জুন আদালতে হাজির হতে হবে।
একইসঙ্গে ওই হত্যাকাণ্ডে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং দায়ীদের গ্রেপ্তার নিশ্চিতে বিবাদীদের কেন নির্দেশনা দেওয়া হবে না, এই রুল জারি করেছে আদালত।
স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, সিএমপি কমিশনার, পাঁচলাইশ থানার ওসিকে এর জবাব দিতে হবে।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে গত রোববার দায়ের করা রিট আবেদনে আদালতের এই আদেশ হয়। রিট আবেদনে দৈনিক কালের কণ্ঠে ২৫ মে প্রকাশিত একটি প্রতিবেদন যুক্ত করে দেওয়া হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৭ এপ্রিল রাউজানে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় হিমাদ্রির সাবেক সহপাঠি রিয়াদ, সাজু, ডেনি ও শাওন মিলে হিমুকে প্রচণ্ড মারধর করে রিয়াদের বাসার ছাদে নিয়ে জার্মানির ডোবারম্যান জাতের পাঁচটি কুকুর লেলিয়ে দেয়। একপর্যায়ে ছাদের ওপর থেকে তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়।
গুরুতর আহত হিমুকে প্রথমে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরে সার্জিস্কোপ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্কয়ার হাসপাতালে আনা হয়। সেখানে গত ২৩ মে হিমু মারা যান।
মারা যাওয়ার আগে হিমু জবানবন্দি দিয়ে গেছেন প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।
এই ঘটনার পর রিয়াদ লন্ডন চলে যায় বলে বলা হচ্ছে এবং পুলিশ অন্য কাউকেও গ্রেপ্তার করতে পারেনি।
