গাইবান্ধা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাস কাউন্টারের দখল নিয়ে গোবিন্দগঞ্জ উপজেলায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে আবারো সংঘর্ষ হয়েছে।
সোমবারের এই সংঘর্ষে ১২ পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২৬ রাউন্ড গুলি এবং ২ রাউন্ড টিয়ারগ্যাস সেল নিক্ষেপ করেছে। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়।
রোববার এ দু’টি পক্ষের মধ্যে সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩৫ জন আহত হয়।
দ্বিতীয় দিনের সংঘর্ষে আহতদের মধ্যে গোপালপুর গ্রামের হাবিল মিয়া (২৩) ও কুমিরাডাঙ্গা গ্রামের মতিয়ার রহমানকে (৩০) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
গ্রেপ্তার হয়েছেন গোপালপুর গ্রামের বাবু মিয়া (৫০), আব্দুস ছাত্তার (৫৫), হারুন-অর-রশিদ (২৫), শাহারুল ইসলাম (২৫), কুমিরডাঙ্গা গ্রামের ইসরাইল মিয়া (৪০), আরশাদ হোসেন (৩৫) ও ইজাব আলী (৪৫)।
গোবিন্দগঞ্জ থানার ওসি শেখ দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহিমাগঞ্জে একটি বাস কাউন্টারের আধিপত্য নিয়ে স্থানীয় পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক লাবু মিয়া ও সাবেক শ্রমিক নেতা আব্দুল হাকিমের মধ্যে রোববার কয়েক দফা সংঘর্ষ।
এর জের ধরেই সোমবার সংঘর্ষ বাধে।
তিনি বলেন, দু’পক্ষই পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
এতে তিনি নিজে (ওসি), উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন, এসআই আব্দুল আজিজসহ ১২ পুলিশ আহত হয়।
পরে গাইবান্ধা থেকে অতিরিক্ত পুলিশ ও র্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৯২০ ঘ.
bdnews24