২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিকনেতার ওপর হামলা: ইউপি সদস্য গ্রেপ্তার

কাঁচপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভের এক শ্রমিকনেতার ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2012, 12:09 PM

Updated : 24 Aug 2022, 11:26 AM

নারায়ণগঞ্জ, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাঁচপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভের এক শ্রমিকনেতার ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোর ৫টার দিকে কাঁচপুর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য এম এ মান্নানকে কাঁচপুরের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান সোনারগাঁও থানার ওসি হারুন-অর-রশিদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শনিবার কাঁচপুরে ওপেক্স গ্র“পের রপ্তানিমুখী পোশাক কারখানা সিনহা গার্মেন্টসের সামনে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মন্টু ঘোষ ও তার দুই সহযোগীর ওপর সন্ত্রাসী হামলা হয়। এ ঘটনায় কমিউনিস্ট পার্টির রুহুল আমিন বাদী হয়ে একটি মামলা করেন। ওই মামলায় কাঁচপুর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য এম এ মান্নানকে গ্রেপ্তার করা হয়েছে। শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে অসন্তোষের ঘটনায় পাঁচ দিন বন্ধ থাকার পর শনিবার ওপেক্স গার্মেন্ট চালু হয়। কারখানায় কোন ধরনের বিশৃঙ্খলা এড়াতে শ্রমিকদের তদারকি করে ফেরার পথে মন্টু ঘোষ ও জেলা ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলামের হামলা চালায় সন্ত্রাসীরা। এতে বিক্ষুব্ধ ওই কারখানার শ্রমিকরা সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে ওই দিনই ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। পরদিনও শ্রমিকরা কাজে যোগ না দিয়ে তিন ঘণ্টা ধরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/১৮১২ ঘ.