২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌচাক ফ্লাইওভারের পরামর্শক নিয়োগ

যানজট নিরসনে মগবাজার থেকে মৌচাক পর্যন্ত সড়কে প্রস্তাবিত ফ্লাইওভার প্রকল্পের নকশা পর্যালোচনা ও তদারকির জন্য পরামর্শক নিয়োগের প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2012, 11:20 AM

Updated : 24 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যানজট নিরসনে মগবাজার থেকে মৌচাক পর্যন্ত সড়কে প্রস্তাবিত ফ্লাইওভার প্রকল্পের নকশা পর্যালোচনা ও তদারকির জন্য পরামর্শক নিয়োগের প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সোমবার অনুষ্ঠিত কমিটির বৈঠকে ‘এসএমইসি ইন অ্যাসোসিয়েশন উইথ এসিই কনসালট্যান্টস’-কে এ কাজের জন্য পরার্শক নিয়োগের অনুমোদন দেওয়া হয়। নকশা পর্যালোচনা ও তদারকির জন্য ১৩ কোটি ২৫ লাখ ৫৬ হাজার টাকা বরাদ্দ রয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় শেষে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব আলী হোসেন সাংবাদিকদের এ তথ্য দেন। মন্ত্রিসভা কমিটির সভায় ভারত থেকে ৮৮টি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস এবং বেলারুশ থেকে সরকারি পর্যায়ে (জিটুজি) তিন লাখ ৯০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়। আলী হোসেন জানান, ভারতীয় নির্মাতা প্রতিষ্ঠান আশোক লেল্যান্ড থেকে ৮৮টি একতলা এসি বাস কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। ভারতীয় এক বিলিয়ন ডলার ঋণের আওতায় ৬০ লাখ ৯৮ হাজার ৫৮০ মার্কিন ডলার ব্যয়ে এসব বাস আমদানি করা হবে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) জন্য আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে কেনা হবে এ বাসগুলো। ১৩টি লটে (খন্ডে) বেলারুশ থেকে এমওপি সার আমদানি করতে এক হাজার ৮৭৮ কোটি ৮০ লাখ টাকা ব্যয় হবে। বৈঠকে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের তৃতীয় কর্ণফূলী সেতুর টোল আদায়ের জন্য অপারেটর (পরিচালনাকারী) প্রতিষ্ঠান নিয়োগেরও অনুমোদন দেওয়া হয়। এ কাজ পেয়েছে যৌথ বিনিয়োগকারী প্রতিষ্ঠান জিএসআইসি-জেইসি। পাঁচ বছরের জন্য এ কাজ করতে প্রতিষ্ঠানটি সরকারকে ১২ কোটি ৫২ লাখ ১০ হাজার টাকা দেবে। এছাড়াও বৈঠকে সরকারি পর্যায়ে ‘টার্ণকী’ ভিত্তিতে বিনিয়ানায় ৩০০-৪৫০ মেগাওয়াট ক্ষমতার কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রকল্পের দরপ্রস্তাব অনুমোদন করা হয়। মারুবিনি করপোরেশন অ্যান্ড হুন্দাই ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন দুই হাজার ৯২৩ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের এ কাজটি করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৭২০ ঘ.