ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে সাংবাদিক নির্যাতনের ঘটনায় চাঁদপুর ও জামালপুরে প্রতিবাদী কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা।
গত শনিবার রাজধানীর আগারগাঁওয়ে প্রথম আলোর তিন ফটো সাংবাদিকের ওপর পুলিশি হামলার প্রতিবাদে এই কর্মসূচি হয়। এসব কর্মসূচি থেকে হামলার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিচার দাবি ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।
চাঁদপুর প্রতিনিধি জানান, সোমবার বেলা ১২টায় বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি কাজী শাহাদাত, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি আলম পলাশ, বর্তমান সভাপতি বাদল মজুমদার প্রমুখ বক্তব্য দেন।
জামালপুর প্রতিনিধি জানান, সোমবার সকালে বাংলাদেশ ফটো জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন জামালপুর জেলা শাখার উদ্যোগে স্থানীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ হয়।
সমাবেশে ফটো জার্নাালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান আহমেদ বাপ্পী, সাধারণ সম্পাদক শাহাবুল আকন্দ, সাংবাদিক মোস্তফা বাবুল, মোস্তফা মনজু প্রমুখ বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা ফটো সাংবাদিকের ওপর হামলাকারী পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তি, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচারসহ সারাদেশে সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
শনিবার দুপুরে আগারগাঁওয়ে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সড়ক অবরোধের সময় দায়িত্ব পালনকালে প্রথম আলোর তিন সাংবাদিককে মারধরের ঘটনায় ইতোমধ্যে পুলিশের এক সহকারী কমিশনার সদস্যসহ ১০ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এছাড়া এ ঘটনা তদন্তে এক সদস্যের একটি কমিটিও করেছে পুলিশ। সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/আরএ/১৪৪৪ ঘ.
bdnews24