২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহমুদুলের শপথ আটকে গেল

টাঙ্গাইল-৫ আসনে ২০০৮ সালের নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া বিএনপির মাহমুদুল হাসানকে সংসদ সদস্য হিসেবে শপথ না পড়াতে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2012, 12:17 PM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল-৫ আসনে ২০০৮ সালের নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া বিএনপির মাহমুদুল হাসানকে সংসদ সদস্য হিসেবে শপথ না পড়াতে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। ওই আসনে সর্বোচ্চ ভোট পাওয়া মহাজোটের প্রার্থী আবুল কাশেমের করা এক আবেদনে মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই আদেশ দেন। আবুল কাশেমের কৌঁসুলি আনিসুল হক সাংবাদিকদের বলেন, “আমার মক্কেলের করা রিভিউ আবেদনের শুনানির জন্য আগামী ৩১ মে দিন ধার্য রয়েছে। ওই দিন পর্যন্ত মাহমুদুল হাসানকে শপথ না পড়াতে নির্দেশ হয়েছে।” মাহমুদুল হাসানকে শপথ পড়াতে বুধবার শপথ পড়ানোর সময় ঠিক করেছিলেন স্পিকার আবদুল হামিদ। তাকে চিঠিও পাঠানো হয় বলে সংসদ সচিবালয়ের আইন শাখার সহকারী সচিব নাজমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির আবুল কাশেম লাঙল প্রতীকে ১ লাখ ৪৭ হাজার ১৫২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহমুদুল হাসান পান ৭২ হাজার ৮০৫ ভোট। কাশেমকে বিল খেলাপি ও ঋণখেলাপি দাবি করে নির্বাচনের পর ২০০৯ সালে মাহমুদুল হাই কোর্টে আবেদন করেন। এতে বলা হয়, জেলা রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেমের মনোনয়ন বৈধ ঘোষণা করলেও সোনালী ব্যাংকে তার ১৫ কোটি ৪৪ লাখ ২৫ হাজার ৪৩৭ টাকা খেলাপি ঋণ রয়েছে। ময়মনসিংহ টেলিফোন এক্সচেঞ্জে কাশেমের নামে ৩২ হাজার ১১০ টাকা ফোন বিল বকেয়া রয়েছে। ২০০৯ সালের ১৫ ডিসেম্বর হাই কোর্টের নির্বাচনী ট্রাইব্যুনাল সংসদ সদস্য আবুল কাশেমের প্রার্থিতা বাতিল করে মাহমুদুলকে বিজয়ী ঘোষণার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়। এর বিরুদ্ধে কাশেম আপিল করলে গত ১৪ ফেব্রুয়ারি তা খারিজ করে হাই কোর্টের আদেশ বহাল রাখে প্রধান বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ। আদেশের ৭ দিনের মধ্যে মাহমুদুলকে বিজয়ী ঘোষণা করতে বলা হয়। আপিল বিভাগের এই আদেশ পুনর্বিবেচনা চেয়ে আবুল কাশের পরে রিভিউ আবেদন করেন। এদিকে গত ২৯ এপ্রিল ইসি আপিল বিভাগের আদেশের কপি হাতে পাওয়ার পর নির্বাচন কমিশন গত ৭ মে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়ে পাঠিয়ে দেয়। ওই গেজেট অনুসারে স্পিকার মাহমুদুল হাসানকে শপথ পড়ানোর জন্য ৩০ মে দিন ধার্য করলে মঙ্গলবার দুপুরে আবুল কাশেমের পক্ষে আনিসুল হক আবেদন নিয়ে চেম্বার আদালতে যান। এদিকে গত ২১ মে টাঙ্গাইল-৫ আসনের ২৫ ভোটারের এক রিট আবেদনে হাই কোর্ট ‘গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২’ এর ৫১(২)(বি) কেন সংবিধান বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে। এই ধারা অনুসারেই নির্বাচন কমিশন মাহমুদুল হাসানকে বিজয়ী ঘোষণা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৮১০ ঘ.