২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণের চারঘণ্টা পর চিকিৎসক উদ্ধার

অপহরণের চারঘণ্টা পর মিডফোর্ড হাসপাতালের এক চিকিৎসককে আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2012, 06:28 PM

Updated : 24 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের চারঘণ্টা পর মিডফোর্ড হাসপাতালের এক চিকিৎসককে আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত ১১টায় ঢাকার কেরানিগঞ্জের লসমানগঞ্জ থেকে হাসপাতালের নবজাতক বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক সুনির্মল রায়কে (৪৫) উদ্ধার করা হয়েছে বলে জানান কোতোয়ালি থানার ওসি মো. সালাহউদ্দিন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে সুনির্মল রায়কে রোগী দেখার কথা বলে ডেকে নিয়ে যায় অপহরণকারীরা। তারপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। সন্ধ্যার পর একটি মোবাইল ফোন থেকে চিকিৎসকের পরিবারের কাছে অপহরণকারীরা ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরিবারের সদস্যরা সন্ধ্যা ৭টার দিকে বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ মোবাইল ট্র্যাকিং করে অপহরণকারীদের অবস্থান জানতে পারে। প্রায় দু’ঘণ্টা ধরে তাদের সঙ্গে দেনদরবার করার পর পুলিশ মুক্তিপণ দেওয়ার টোপ দেয়। কথামতো রাত ১১টার দিকে একজন অপহরণকারী চিকিৎসক সুনির্মল রায়কে নিয়ে লসমানগঞ্জ এলাকার বুড়িগঙ্গা নদীর দিকে রওয়ানা হয়। আগে থেকে সেখানে অবস্থান নেওয়া পুলিশ চিকিৎসককে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেপ্তার করে, বলেন ওসি। পুলিশ কর্মকর্তা এরা বলেন, চিকিৎসকের বাম হাতের বেশ কিছু অংশ কেটে গেছে। রাতেই মিডফোর্ড হাসপাতালে তার অপারেশন করা হয়। তিনি সুস্থ হয়ে উঠলে পুরো ঘটনা জানা যাবে। তাৎক্ষণিকভাবে অপহরণকারীদের নাম জানাননি ওই পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/সিএস/ডিডি/০০২২ ঘ.