২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাহরাইনে মৃত্যু: স্বজনদের মাতম

বাইরাইনে ধোঁয়ায় দমবদ্ধ হয়ে মারা যাওয়া ১০ বাংলাদেশির মধ্যে নয় জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এরমধ্যে রয়েছেন কুমিল্লার আটজন এবং চাঁদপুরের একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2012, 04:57 PM

Updated : 24 Aug 2022, 11:26 AM

আবুল কাশেম হৃদয় কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাইরাইনে ধোঁয়ায় দমবদ্ধ হয়ে মারা যাওয়া ১০ বাংলাদেশির মধ্যে নয় জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এরমধ্যে রয়েছেন কুমিল্লার আটজন এবং চাঁদপুরের একজন। সরকারিভারে না জানালেও স্বজনরা এই নয়জনের পরিচয় নিশ্চিত করেছেন। রোববার সকালে বাহরাইনের রাজধানী মানামা থেকে ৩০ কিলোমিটার দূরে পূর্ব রিফায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগলে ধোঁয়ায় ঘর ভরে যায়। এতে দমবদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়। তাদের মৃত্যুর খবর আসার পর থেকেই পরিবারে চলছে শোকের মাতম। মৃতদের মধ্যে অনেকেই পরস্পরের আত্মীয়ও রয়েছেন। এরা হলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ভূশ্চির মগের কলামিয়া গ্রামের আবদুল জাব্বারের ছেলে হানিফ মিয়া (৪৮), জামিরা গ্রামের কাশেম মিয়ার ছেলে মনির হোসেন (২৭), ভূশ্চি পূর্বপাড়ার ছিদ্দিকুর রহমান (২৫), লাকসামের মোহনপুর গ্রামের শাসসুল হকের ছেলে শাহ আলম ওরফে নুরু ইসলাম (৪৫), লাকসামের যশপুরের লাল মিয়ার ছেলে খোরশেদ আলম (২৫), উত্তরদা গ্রামের আনোয়ার হোসেন (৪০), সুসন্ডা গ্রামের আবু তাহের (৩৮), চৌদ্দগ্রামের আবুল হাসেম (৩৫) এবং চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার সৈয়দ আহমেদ (৪৫)। হানিফ মিয়ার মৃত্যুর খবর আসে তার ভাই নুরুল ইসলামের কাছে। নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৭টায় তাকে বাহরাইন থেকে ফোন করে জানানো হয় ঘরে থাকা সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তারা মারা গেছেন। ছিদ্দিকুর রহমানের (২৫) মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বাবা আনোয়ার উল্লাহ। কর্মসংস্থান ও জনশক্তি ব্যুরোর মহাপরিচালক শামসুন্নাহার বলেন, ঘটনার তদন্ত এবং আইনি প্রক্রিয়া শেষে লাশ দেশে ফেরত আসতে আরো ২/৩দিন সময় লাগবে। লাশ স্থানীয় সালমানিয়া মেডিক্যাল কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে বলে জানান শামসুন্নাহার। কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজাউল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনাটি শুনেছি। তবে নিহতদের তালিকা এখনো পাইনি।” বিকালে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জাহান নিহতদের পরিবারকে সমবেদনা জানাতে ভূশ্চি এলাকায় গেছেন। মেয়ের বিয়ে দেওয়া হল না হানিফের হানিফ মিয়া গত ১০ বছর ধরেই বাহরাইনে আছেন। তিন বছর আগে তিনি শ্যালক খোরশেদ আলম ও বড় মেয়ের জামাই মনির হোসেনকে সেখানে নিয়ে যান। সবাই একসঙ্গে থাকতেন। হানিফ মিয়ার ভাই নুরুল ইসলাম বলেন, হানিফ আগে রিকশা চালাতেন। পরিবারের অভাব দূর করার জন্যই ১০ বছর আগে ধারদেনা করে বাহরাইন যান। পরিবারে স্ত্রী ছাড়াও আছেন পাঁচ মেয়ে ও এক ছেলে। ছেলের জন্মের আগেই প্রবাসী হন হানিফ। ১০ বছরেও দেশে না ফেরায় তিনি ছেলের মুখও দেখতে পারেননি। সামনের রমজানে তৃতীয় মেয়ের বিয়েতে দেশে আসার কথা ছিলো হানিফের। কিন্তু তার আগেই লাশ হয়ে দেশে ফিরছেন বলে কান্নায় ভেঙ্গে পড়েন নুরুল ইসলাম। হানিফের তৃতীয় মেয়ে লাকী আক্তারকে রোববার দুপুরেই দেখতে আসার কথা ছিল বরপক্ষের। কিন্তু সকালে হানিফসহ পরিবারের তিন জনের মৃত্যুর খবর সবকিছু তছনছ করে দিয়েছে। এখন এ পরিবারে চলছে শুধুই কান্নার রোল। বার বার মূর্ছা যাচ্ছেন পরিবারের সদস্যরা। তাদের সাত্বনা দিতে এসে প্রতিবেশীরাও কান্নায় ভেঙ্গে পড়েন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২৪৪ ঘ.