মানিকগঞ্জ, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জে রোববার গণতান্ত্রিক বাম মোর্চার সমাবেশে ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার অভিযোগ পাওয়া গেছে।
দুপুরে জেলা কালেক্টরেট ভবনের সামনে আয়োজিত সমাবেশে এ হামলা চালানো হয়। তবে ছাত্রলীগ হামলার কথা অস্বীকার করেছে।
গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী মঞ্জুরুল ইসলাম বলেন, জনজীবনের দুর্ভোগ দূর করার দাবিতে দুপুর ১২টায় সমাবেশ ডাকা হয়।
সাড়ে ১১টার দিকে জেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাকিবুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম রাজু আহমেদসহ ২৫-৩০ জন ছাত্রলীগ নেতাকর্মীরা চেয়ার ভাঙচুর করে। ফেস্টুন ও ব্যানার ছিঁড়ে ফেলে।
পরে হামলার প্রতিবাদে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন গণতান্ত্রিক বাম মোর্চার কেন্দ্রীয় সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজ ও গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকী।
তারা সমাবেশে হামলা ও ভাঙচুরের নিন্দা জানিয়ে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন।
এদিকে হামলার অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ নেতা রাজু আহমেদ বলেন, সমাবেশকারীদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। হামলার মতো কোনো ঘটনা ঘটেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১৩৮ ঘ.
bdnews24