ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযোদ্ধাদের সরকারি চাকরির বয়সসীমা ৬১ বছর করার দাবিতে আমরণ অনশনে অংশ নেওয়া অবস্থায় মারা গেছেন আওলাদ হোসেন নামের এক মুক্তিযোদ্ধা।
রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের পাশে শুরু হওয়া এই কর্মসূচির প্রথম থেকেই অংশ নিচ্ছিলেন টাঙ্গাইলের নাগরপুরের আওলাদ হোসেন (৬০)।
সন্ধ্যার দিকে বুকে ব্যথা অনুভব করলে তাকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ প্রাতিষ্ঠানিক ইউনিট কমান্ড সমন্বয় পরিষদের সভাপতি নূর ইসলাম মোল্লা।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার সকাল ৯টায় সেখানেই আওলাদ হোসেনের মৃত্যু হয়।
মুক্তিযোদ্ধা আওলাদ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মচারী ছিলেন।
মরদেহ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে নূর ইসলাম জানান।
সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের বয়সসীমা ২০০৯ সালে ৫৭ থেকে বাড়িয়ে ৫৯ বছর করা হয়। তবে সবার চাকরির বয়স আরো দুই বছর বাড়ানো হলে মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারীরা তাদের ক্ষেত্রে বয়স ৬১ বছর করার দাবি জানিয়ে আসছিল।
নূর ইসলাম বলেন, “স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছিলেন, সাধারণ সরকারি চাকরির বয়স ২ বছর বাড়ানো হলে মুক্তিযোদ্ধাদের বয়স আরো ২ বছর বাড়ানো হবে।
“তবে ২০১১ সালের ২৬ ডিসেম্বর সাধারণ চাকরিজীবীদের বয়স ২ বছর বাড়ানো হলেও মুক্তিযোদ্ধাদের চাকরির মেয়াদ ৬১ বছর করা হয়নি।”
এই দাবিতে মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়াসহ নানা কর্মসূচির পরই আমরণ অনশন কর্মসূচি দেওয়া হয়েছে বলে জানান নূর ইসলাম।
জাতীয় প্রেসক্লাবের ডানপাশের সড়কে অনশনে অংশ নেওয়া মুক্তিযোদ্ধা কর্মচারীরা বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এমডি/এমআই/১৭০০ ঘ.
bdnews24