কক্সবাজার, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের জব্বারের বলী খেলার চ্যাম্পিয়ন অলি উল্লাহকে হারিয়ে কক্সবাজারে চ্যাম্পিয়ন হয়েছেন দিদারুল আলম দিদার।
শনিবার কক্সবাজারে ‘ডিসি সাহেবের বলী খেলা’য় তিনি চ্যাম্পিয়ন হয়েছেন। দিদারের বাড়ি কক্সবাজারের রামু উপজেলার উমখালী এলাকায়।
টেকনাফের একটি বলী খেলায় ছুরিকাহত হয়ে এবার চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলায় অংশ নিতে পারেননি দিদার। সেখানে চ্যাম্পিয়ন হন ব্রাম্মণবাড়িয়ার অলি উল্লাহ।
কক্সবাজার স্টেডিয়ামে দুইদিনের ‘ডিসি সাহেবের বলী খেলা ও বৈশাখী খেলা ২০১২’ এর শেষদিনে চ্যাম্পিয়নশীপের খেলায় মাত্র ৫ মিনিট টিকতে পেরেছিলেন অলি উল্লাহ।
বিকাল ৫টা ২৭ মিনিটে খেলা শুরু হয়। ৫টা ৩২ মিনিটে শেষ হয়ে যায়।
খেলা ও মেলা কমিটির সম্পাদক হেলাল উদ্দিন কবির বলেন, দুইদিনের খেলায় দেড়শতাধিক বলী অংশ নিয়েছেন। প্রতিবারের মতো এবারও ৩টি মেডেলের খেলা অনুষ্ঠিত হয়েছে।
প্রথম মেডেল বিজয়ী দিদারকে ১২ হাজার টাকা, দ্বিতীয় মেডেল বিজয়ী নন্দাখালীর ছলিম উল্লাহ বলীকে ৯ হাজার টাকা ও তৃতীয় মেডেল বিজয়ীকে ৭ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হয়।
এছাড়া বিজয়ী ও রানারআপদের প্রত্যেককে ট্রফি দেওয়া হয়।
কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারী বিজয়ীদের মাঝে ডিসি সাহেব’র বলী খেলার ট্রফি বিতরণ করেন।
এই সময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ জসিম উদ্দিন, সহকারি পুলিশ সুপার তোফায়েল আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি একে আহমদ হোছাইন, শহর আওয়ামী লীগ সভাপতি মুজিবুর রহমান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০০ ঘ.
bdnews24