ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে চাহিদা অনুযায়ী পানি সরবরাহ এক বিশাল ‘চ্যালেঞ্জ’ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ওয়াসা কর্তৃপক্ষ।
শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সেমিনারে এ কথা বলেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান।
তিনি বলেন, “দ্রুত নগরায়নের ফলে ঢাকা শহরে জনসংখ্যা বাড়ার পাশাপাশি পানির চাহিদাও বাড়ছে। ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় বিপুল এই জনসংখ্যার চাহিদা অনুযায়ী পানি সরবরাহ একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।”
বর্তমানে পানি সরবরাহ ব্যবস্থা যথেষ্ট ভালো দাবি করে এমডি বলেন, “ওয়াসার উৎপাদিত পানির ৮৭ শতাংশ ভূ-গর্ভস্থ এবং ১৩ শতাংশ ভূ-উপরিস্থ উৎস থেকে সংগ্রহ করা হচ্ছে। এ কারণে ধীরে ধীরে ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। আপাতত চাহিদা মেটানো গেলেও ভবিষ্যতে সংকটের সৃষ্টি হবে।”
ভূ-গর্ভস্থ পানির তুলনায় ভূ-উপরিস্থ উৎসের পানি শোধন করে সরবরাহ করা অনেক ব্যয়বহুল জানিয়ে তাকসিম বলেন, উৎপাদন খরচ বিবেচনায় দীর্ঘমেয়াদে এ প্রতিষ্ঠানের অর্থনৈতিক স্বচ্ছলতা বজায় রাখতে পানির মূল্য নির্ধারণ যৌক্তিক পর্যায়ে হওয়া প্রয়োজন।
ওয়াসার কার্যক্রম তুলে ধরে এমডি বলেন, “ওয়াসা ৬২০টি গভীর নলকূপ এবং চারটি শোধনাগারের মাধ্যমে দৈনিক ২১০-২১৫ কোটি লিটার চাহিদার বিপরীতে ২১৫-২২০ কোটি লিটারের মতো পানি উৎপাদন ও সরবরাহ করতে সক্ষম। তবে বর্তমানে দৈনিক প্রায় ২১২ কোটি লিটার পানি সরবরাহ করা হচ্ছে।”
বিদ্যুৎ বিভ্রাটের সময় পাম্প (নলকূপ) চালু রাখতে ২০০টি জেনারেটর কেনায় স্থায়ী জেনারেটরের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৩টি।
গত এক বছরে দশ হাজার ৬৭৬টি নতুন সংযোগ দেওয়ায় মোট পানির সংযোগ তিন লাখ নয় হাজার ২৫০টি হয়েছে জানিয়ে তিনি আরো জানান, উৎপাদন বৃদ্ধির চেয়ে গ্রাহক সংখ্যা মাত্রাতিরিক্ত বাড়ছে।
ঢাকা ওয়াসার সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম বলেন, “ঢাকা ওয়াসার কার্যক্রমের পরিধি নির্ধারণ করতে হবে। তা না হলে ওয়াসা চাপ সামলাতে পারবে না। ইতোমধ্যে নারায়নগঞ্জ সিটি করপোরেশনে রূপান্তরিত হওয়ায় সেখান থেকে ওয়াসার কার্যক্রম গুটিয়ে নেওয়ার পরামর্শ দেন তিনি।”
নতুন সিটি করপোরেশন হিসেবে গাজীপুর ও নারায়নগঞ্জে আলাদা ওয়াসা প্রতিষ্ঠার প্রস্তাবও দেন তিনি।
পানি বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ বলেন, পানির অপচয় রোধে বিলিং সিস্টেমে পরিবর্তন আনতে হবে। প্রয়োজনে প্রতিটি ফ্ল্যাটের জন্য আলাদা মিটারের ব্যবস্থা করা যায় কিনা তা ভেবে দেখা উচিত।
বিশ্ব সাহিত্য কেন্দ্রের পরিচালক অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, প্রতিকারহীনভাবে উন্মাদের মতো বিকাশ ঘটেছে এই ঢাকা শহরের। অন্তহীন এ শহরের সমস্যাও অন্তহীন। ওয়াসার অবস্থা আগে খুব একটা ভালো ছিলো না, বর্তমানে কিছুটা ভালোর দিকে এসেছে।
পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি এ এস এম শাহজাহান বলেন, পানির অপচয় রোধ না করতে পারলে যতই উৎপাদন করি না কেন চাহিদা পূরণ সম্ভব হবে না। এজন্য ওয়াসার তদারকি ব্যবস্থা জোরদার করতে হবে।
বেসরকারি উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের নির্বাহী পরিচালক দিবালোক সিংহ বলেন, বস্তিবাসীদের অন্য চোখে না দেখে তাদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করতে হবে। নাগরিক হিসেবে তাদের সব ধরনের সুযোগ সুবিধার পাওয়ার অধিকার রয়েছে।
বস্তি এলাকায় পানির সংযোগের পরিমাণ বাড়ানোরও দাবি জানান তিনি।
বাপা ও ঢাকা ওয়াসা যৌথভাবে ‘ঢাকা ওয়াসা: কার্যক্রম, চ্যালেঞ্জ ও জন-প্রত্যাশা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে ।
এতে আরো বক্তব্য দেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান খান কামাল, বাপার সাধারণ সম্পাদক আব্দুল মতিন, ওয়াটার এইড বাংলাদেশের খায়রুল ইসলাম প্রমুুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এইচএ/২০৩৯ ঘ.
bdnews24