২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগারে নেতাদের নির্যাতন করা হচ্ছে: ছাত্রদল

গাড়ি পোড়ানোর মামলায় আটক নেতাদের ফাঁসির আসামিদের সঙ্গে কনডেম সেলে রেখে নির্যাতন করার অভিযোগে তুলেছে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2012, 01:26 PM

Updated : 24 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাড়ি পোড়ানোর মামলায় আটক নেতাদের ফাঁসির আসামিদের সঙ্গে কনডেম সেলে রেখে নির্যাতন করার অভিযোগে তুলেছে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল। শনিবার দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল ইসলাম বাবুল এ অভিযোগ করেন। তিনি বলেন, “ছাত্রদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলীমসহ অনেককে ফাঁসির আসামিদের সঙ্গে কনডেম সেলে রাখা হয়েছে। জেল কোড অনুযায়ী তাদের প্রাপ্য কোনো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না, যা অত্যন্ত অমানবিক আচরণ। আমরা এরকম ঘটনার নিন্দা জানাই।” লিখিত বক্তব্য সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল অবিলম্বে নেতাদের মুক্তি দাবি করে বলেন, “নেতাদের মুক্তির দাবিতে কর্মসূচি চলছে। সরকার এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা না নিলে আগামীতে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘটের মতো কর্মসূচি দিতে বাধ্য হব।” তিতুমীর কলেজের ছাত্রদল সভাপতি ইসমাইল হোসেন শাহিন ও তেজগাঁও কলেজের সভাপতি মিজানুর রহমান রাজকে গ্রেপ্তারের পর তাদের ওপর নিষ্ঠুর নির্যাতন চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতাদেরও মুক্তি দাবি করা হয়। এ ছাড়া ছাত্রদলের সাবেক সাধারণ সস্পাদক ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা। সংবাদ সম্মেলনে জানানো হয়, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩১তম মৃত্যুবার্ষিকীর পরের দিন ৩১ মে সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ছাত্রদলের উদ্যোগে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোকচিত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। এতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অন্যদের মধ্যে ছাত্রদলের সহসভাপতি হায়দার আলী লেলিন, দুলাল হোসেন, ওমর ফারুক, ফজলুল করীম আবেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক রয়েল প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/১৯২৩ ঘ.