বাগেরহাট, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়ানো এবং ‘সাংবাদিকের হুমকি’র কারণে বাগেরহাটে এক স্কুলছাত্রীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।
মৃত সাবিয়া সুলতানা সাথী (১৫) বাগেরহাট আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ২০১৩ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল। সে জেলা শহরের দশানী ক্রসরোডের শেখ আলমগীর হোসেনের মেয়ে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সাথী আত্মহত্যা করে। শুক্রবার তার বাবা বাগেরহাট মডেল থানায় সাথীর চার সহপাঠী এবং দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছেন।
আসামিরা হলেন শহরের পুরাতন বাজারের এম এ ওয়াদুদের ছেলে আল্ মুজাহিদ পিয়াল (১৫), অ্যাডভোকেট সৈয়দ জাহিদ হোসেনের ছেলে সৈয়দ সীমিন হাসান সীমান্ত (১৫), শহরের কে বি বাজার রোডের মো দেলোয়ার হেসেনের ছেলে মানজুল ইসলাম (১৫), দড়াটানা রোডের মো. জাকির হোসেন মোল্লার ছেলে মোল্লা আব্দুল হান্নান (১৫), দৈনিক জন্মভূমি পত্রিকার সাংবাদিক মোল্লা আব্দুর রব (৪৮) এবং মাই টিভি’র বাগেরহাট প্রতিনিধি রিফাত আল মাহমুদ (৩২)।
সাথীর কয়েকজন বন্ধু জানান, গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বাগেরহাট স্টেডিয়ামে ‘স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ’ থেকে সাথী, তার এক বান্ধবী, পিয়াল ও সীমান্তসহ ছয় সহপাঠী বিদ্যালয়ে চলে আসে। একটি শ্রেণিকক্ষে আপত্তিকর অবস্থায় সাথী ও অপর মেয়েটির ভিডিওচিত্র ধারণ করে ছেলেগুলো।
পরে ওই ছবি ইন্টারনেট এবং ব্লু টুথের মাধ্যমে ছড়িয়ে দেয় তারা।
বাগেরহাট মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাথীর আত্মহত্যার পর তিনি ঘটনাটি শুনতে পান। শুক্রবার রাতে তার বাবা মামলা করেছেন। রাতেই সাংবাদিক মোল্লা আব্দুর রব ও রিফাত আল মাহমুদসহ কয়েকজনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।
সাথীর বাবা শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৫/২০ দিন আগে মোল্লা আব্দুর রব ও রিফাত আল মাহমুদ পরিচয় দিয়ে দু’জন সাংবাদিক আমার বাড়ি আসেন। তারা বলেন- আপনার মেয়ের আপত্তিকর কিছু ছবি আমাদের কাছে আছে। আমরা এ বিষয়ে তার সাক্ষাৎকার নিতে চাই।”
সাথীর বাবা আরো বলেন, “এ বিষয়ে কথা বলতে রাজি না হওয়ায় তারা সংবাদপত্র, টেলিভিশন ও ইন্টারনেটে আমার মেয়ের এই ঘটনা প্রকাশ করার হুমকি দেয়। যাওয়ার সময় পরে দেখা করতে বলে চলে যায়।
“আমার মেয়ে ঘরের ভেতর থেকে সাংবাদিকদের সব কথা শুনেছিল। এরপর থেকে সে খাওয়া দাওয়া ছেড়ে দেয়। সবসময় বিষন্ন থাকত। বৃহস্পতিবার স্যাভলন পান করে আত্মহত্যা করে।”
এ ব্যাপারে বাগেরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুখার্জ্জী রবীন্দ্রনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৩ এপ্রিল তিনি বিষয়টি জানার পর ওই ছবি সংগ্রহ করেন। একইদিন তিনি ঘটনাটি স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. আকরাম হোসেনকে জানান।
পরদিন (৪ এপ্রিল) ব্যবস্থাপনা কমিটির সভায় সিদ্ধান্ত নিয়ে ওই ছয়জনের পরীক্ষার কথা বিবেচনা করে শুধু প্রিটেস্ট ও টেস্ট পরীক্ষায় অংশ নিতে স্কুলে আসার নির্দেশ দেয়া হয়। এছাড়া তাদের জন্য বিদ্যালয়ে আসা নিষিদ্ধ করা হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ ও উদীচী এ ঘটনায় দোষীদের শাস্তির দাবি করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২১ ঘ.
bdnews24