ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশ সরকারের সন্ত্রাসবিরোধী অবস্থানের প্রশংসা করলেন ভারতের আইন, বিচার ও সংখ্যালঘু স¤প্রদায়বিষয়ক মন্ত্রী সালমান খুরশিদ।
শনিবার সন্ধ্যায় গণভবণে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন সালমান খুরশিদ।
এ সময় শেখ হাসিনা সন্ত্রাসের বিরুদ্ধে তার সরকারের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরে বলেন, “সরকার সন্ত্রাসের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে তার সরকারের এ অবস্থান অব্যাহত থাকবে।”
সন্ত্রাস নির্মূলে সার্ক অঞ্চলের সব দেশকে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়েও জোর দেন প্রধানমন্ত্রী।
জবাবে ভারতের আইন, বিচার ও সংখ্যালঘু স¤প্রদায়বিষয়ক মন্ত্রী সালমান খুরশিদ বাংলাদেশ সরকারের সন্ত্রাসবিরোধী অবস্থানের প্রশংসা করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব বিজন লালদেব।
পাশাপাশি তিনি সাংবাদিকদের কাছে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন।
বিজন লালদেব জানান, শেখ হাসিনা তার ভারত সফর এবং ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময়ে দু’দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতা স্মারকগুলো দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া ১৯৭৪ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত স্থলসীমানা চুক্তি দ্রুত অনুস্বাক্ষরের কথাও তুলে ধরেন তিনি।
এ প্রসঙ্গে সালমান খুরশিদ বলেন, ভারত সরকারও স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতা স্মারকের বাস্তবায়ন এবং স্থলসীমানা চুক্তি অনুস্বাক্ষর দ্রুত করতে চায়।
বৈঠকে অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, সফররত ভারতের সাংসদ ড. ভোলা সিং, সি এম চ্যাং, মোহাম্মদ আদিব, বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত পংকজ শরণসহ প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএএইচ/এএল/২১২৭ ঘ.
bdnews24