ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গণমাধ্যমের পরিবর্তিত চরিত্রে অনলাইন সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোকে তথ্যের উৎস হিসেবে কার্যকরভাবে কাজে লাগানো যায় বলে জানিয়েছেন এ বিষয়ক একটি কর্মশালার বক্তরা।
এছাড়াও তথ্যকে সবার কাছে পৌঁছে দিতেও সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোকে বিভিন্ন কৌশলে ব্যবহার করা হচ্ছে বলে তারা জানান।
শুক্রবার রিলিফ ইন্টারন্যাশনালের সহযোগিতায় নিউজুয়ালির আয়োজনে জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদ মাধ্যমের সংবাদকর্মীদের নিয়ে দুই দিনব্যাপী একটি কর্মশালা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়ার আলী চৌধুরী সিনেট ভবনে শুরু হয়েছে।
নিউজওয়ালির প্রতিষ্ঠাতা পলাশ দত্তের তত্ত্বাবধানে ‘অ্যাডাপটিং আইসিটি, প্রটেকটিং সিটিজেন রাইট : জার্নালিস্টস অব টুয়েন্টিফার্স্ট সেঞ্চুরি’ শীর্ষক এ কর্মশালায় প্রশিক্ষক-বক্তা হিসেবে ছিলেন উইকিপিডিয়া বাংলাদেশের প্রতিষ্ঠাতা মুনির হাসান এবং দৃক প্রতিষ্ঠাতা ও আলোকচিত্রশিল্পী শহীদুল আলম।
কর্মশালার দ্বিতীয় দিনে শনিবার থাকবেন সাংবাদিক ম্যাতিয়াস স্পিয়েলক্যাম্প, ডয়চে ভেলের আয়োজেন সেরা ব্লগারের পুরস্কার পাওয়া আবু সুফিয়ান এবং সাইবার বিশেষজ্ঞ মুহাম্মদ জাবেদ মোরশেদ চৌধুরী।
২০১১ সালের জুন থেকে নিউজুয়ালি বাংলা ভাষায় সামাজিক গণমাধ্যম সংক্রান্ত খবর নিয়মিতভাবে প্রকাশ করে আসছে। এ কর্মশালার মিডিয়া পার্টনার হিসেবে আছে দৈনিক সমকাল এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/২১৪১ ঘ.
bdnews24