২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যানের অপসারণ দাবি

স্বেচ্ছাচারিতার অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান জাহেদুল হকের অপসারণ চেয়েছেন দুই ভাইস-চেয়ারম্যান ও ১৩ ইউপি চেয়ারম্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2012, 01:08 PM

Updated : 24 Aug 2022, 11:25 AM

সিরাজগঞ্জ, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বেচ্ছাচারিতার অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান জাহেদুল হকের অপসারণ চেয়েছেন দুই ভাইস-চেয়ারম্যান ও ১৩ ইউপি চেয়ারম্যান। বৃহস্পতিবার রাতে তাদের স্বাক্ষর করা একটি চিঠি সিরাজগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে রাজশাহী বিভাগীয় কমিশনারের কাছে পাঠানো হয়। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। চিঠিতে অভিযোগ করা হয়, নির্বাচিত হওয়ার পর থেকেই জাহেদুল হক বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ ও বরাদ্দ করা অর্থ বণ্টনের সবকিছু কারো সঙ্গে কোনো সমন্বয় ছাড়া নিজের ইচ্ছামতো বাস্তবায়ন করে যাচ্ছেন। কেউ এর প্রতিবাদ করলে তিনি দুর্ব্যবহার করেন। গত বছর এমন একটি ঘটনায় তিনি লোকজন দিয়ে ভাইস-চেয়ারম্যান গাজী খলিলুর রহমানকে লাঞ্ছিত করেছেন বলেও অভিযোগ করা হয়। ভাইস-চেয়ারম্যান গাজী খলিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বছর উপজেলার একটি মাসিক সাধারণ সভায় টিআর, কাবিখা ও এনডিপিসহ বিভিন্ন প্রকল্পসমূহের অর্থ বরাদ্দে চেয়ারম্যানের স্বেচ্ছারিতা ও অনিয়মের অভিযোগ করলে সভা চলাকালেই তাকে হুমকি দেন। “সভা শেষে বের হওয়ার সময় চেয়াম্যানের লোকজন আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে,” বলেন গাজী খলিলুর রহমান। উল্লাপাড়া সদর ইউপি চেয়ারম্যান আকমল হোসেন ও পূর্নিমাগাতি ইউপি চেয়ারম্যান রবিউল করিম সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উন্নয়ন কর্মকাণ্ডে স্থবিরতা বিরাজ করায় একাধিক সভা করে জনস্বার্থে তারা উপজেলা চেয়ারম্যানের অপসারণ চান। রাজশাহী বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে করা অভিযোগপত্রটি এখনো আমার কাছে পৌঁছেনি। পত্রটি পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” উপজেলা নির্বাহী অফিসার অতুল কুমার সরকার বলেন, “উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে রাজশাহী বিভাগীয় কমিশনার বরাবর পাঠানো চিঠির একটি অনুলিপি আমাকে দেওয়া হয়েছে।” এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান জাহেদুল হক বলেন, “ইউএনও নিজের কুকর্ম ধামাচাপা দেওয়ার জন্য ভাইস চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানদের দিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে অনাস্থা প্রস্তাব এনেছেন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/১৯০০ ঘ.