চট্টগ্রাম, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শোষণমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে চট্টগ্রামে উদযাপিত হলো বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ‘গৌরবের ষাট বছর পূর্তি’।
শুক্রবার সকালে নগরীর মুসলিম হল ও শহীদ মিনার চত্বর এলাকায় দেশের ঐতিহ্যবাহী এ ছাত্র সংগঠনের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের অংশগ্রহণে এ অনুষ্ঠান পরিণত হয় মিলনমেলায়।
সকালে শহীদ মিনার চত্বরে জাতীয় সঙ্গীত ও সংগঠন সঙ্গীতের মধ্য দিয়ে চট্টগ্রামে ষাটতম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক বেলাল মোহাম্মদ।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া, শহীদজায়া বেগম মুশতারী শফী, অধ্যাপক অশোক সাহা, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সভাপতি ফেরদৌস আহম্মেদ উজ্জ্বল, জেলা সভাপতি তৌহিদ টিপু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তসলিম উদ্দিন প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে নবীন-প্রবীণদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।
এতে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও রাঙামাটি জেলাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ইউনিয়নের বর্তমান ও প্রাক্তন নেতাকর্মীরা অংশ নেন।
পরে মুসলিম হলে অনুষ্ঠিত হয় স্মৃতিচারণ অনুষ্ঠান। স্মৃতিচারণ শেষে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ছাত্র ইউনিয়নের ষাট বছর পূতি উদযাপন কমিটি চট্টগ্রামের চেয়ারম্যান আবু তাহের মাসুদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মুজাহিদুল ইসলাম সেলিম, প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো, গণফোরাম নেতা পংকজ ভট্টাচার্য, কমরেড শাহ আলম, অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর, দেলোয়ার মজুমদার প্রমুখ।
সভায় বক্তারা ছাত্র রাজনীতিকে অতীতের গৌরবদীপ্ত, ত্যাগী ও সঠিক পথে ফিরিয়ে আনতে ছাত্র ইউনিয়নের সব প্রাক্তন-বর্তমান নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ভূমিকা পারনের আহ্বান জানান।
তারা বলেন, বায়ান্নর ভাষা আন্দোলনের চেতনায় একটি অসা¤প্রদায়িক দেশ গড়া এবং ছাত্রদের অধিকার আদায়ের জন্য ঐতিহ্যবাহী এ সংগঠনের জন্ম হয়েছিল। শোষণমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা শেষে চট্টগ্রাম ও ঢাকার শিল্পীরা সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করেন। এছাড়া সংগঠনের প্রাক্তন সদস্যরাও এ অনুষ্ঠানে গান-আবৃত্তি পরিবেশন করেন।
১৯৫২ সালের ২৬ এপ্রিল ছাত্র ইউনিয়নের জন্ম। সংগঠনের ষাট বছর পূর্তি উপলক্ষ্যে ঢাকাসহ সারাদেশে বছরব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
চট্টগ্রামেও এর ধারাবাহিকতায় বছরব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে শুক্রবার দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/১৮৩৪ ঘ.
bdnews24