রিপনচন্দ্র মল্লিক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
মাদারীপুর, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের ঘটমাঝি ইউনিয়নে অগভীর নলকূপের পানিতে নতুন করে মাত্রাতিরিক্ত আর্সেনিকের সন্ধান পাওয়া গেছে। এর ফলে এলাকার প্রায় ৫০ হাজার মানুষ আর্সেনিক বিষক্রিয়ার ঝুঁকির মুখে রয়েছে।
ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের রাহিমা বেগম দুই মাইল পথ পায়ে হেঁটে অন্য গ্রামের গভীর নলকূপ থেকে বিশুদ্ধ খাবার পানি সংগ্রহ করেন। শুধু রহিমা বেগমই নন, এই গ্রামের হাফিজা বেগম, হোসনে আরা, রানু বেগমসহ ইউনিয়নের অনেক নারীকেই কয়েক মাইল দূর থেকে অনেক কষ্ট করে খাবার পানি জোগাড় করতে হয়।
তবে এলাকার অধিকাংশ মানুষ দূর থেকে পানি সংগ্রহ করতে না পেরে নিজেদের অগভীর নলকূপের মাত্রাতিরিক্ত আর্সেনিক দূষিত পানিই পান করতে বাধ্য হচ্ছেন।
গত এক সপ্তাহ ধরে মাদারীপুরের বেসরকারী সংস্থা অংকুর পল্লী উন্নয়ন কেন্দ্র ঘটমাঝি ইউনিয়নের বিভিন্ন গ্রামের অগভীর নলকূপের পানি পরীক্ষা করে শতকরা ৯৯টি টিউবওয়েলের পানিতেই মাত্রাতিরিক্ত আর্সেনিকের উপস্থিতি পেয়েছে। তারা এসব নলকূপ লাল রঙ দিয়ে চিহ্নিত করে এসব নলকূপের পানি পান না করতে স্থানীয়দের অনুরোধ জানিয়েছে।
বেসরকারী সংস্থাটির সমীক্ষা অনুযায়ী, এই ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ ইতিমধ্যে আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান অনুযায়ী, বাংলাদেশের পানিতে সহনীয় মাত্রার আর্সেনিকের পরিমাণ প্রতি লিটারে ০.০৫ মিলিগ্রাম। আর সেখানে ঝিকরহাটি গ্রামের প্রতিটি টিউবওয়েলেই আর্সেনিক পাওয়া গেছে প্রতি লিটারে গড়ে ০.৫০ মিলিগ্রাম, যা সহনীয় মাত্রার চেয়ে ০.৪৫ মিলিগ্রাম বেশি। বিশুদ্ধ পানীয় জলের অভাবে এলাকার অধিকাংশ মানুষ বাধ্য হয়ে মাত্রাতিরিক্ত আর্সেনিক যুক্ত পানি পান করছে।
বিশ্বব্যাংকের এক হিসাব অনুযায়ী, বাংলাদেশে ৮ কোটিরও বেশি মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকির মুখে রয়েছে।
অংকুর পল্লী উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক আইয়ুব তালুকদার জানালেন, তাদের নতুন সমীক্ষায় মাদারীপুরে আর্সেনিক দূষিত নতুন নতুন এলাকা চিহ্নিত করা হচ্ছে।
তিনি বলেন, “যে হারে অনেক গ্রামে নতুন করে পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক পাওয়া যাচ্ছে তাতে একদিকে যেমন আর্সেনিকে বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে, তেমনি তীব্র খাবার পানির সংকটও দেখা দিচ্ছে।”
ঝিকরহাটি গ্রামের কলেজ ছাত্র রিয়াদ বলেন, “ভাই আমাগো যদি সরকারের কাছ থেকে একটা ডিপ টিউবওয়েল আইন্যা দিতে পারেন তয় আমাগো জীবনডা বাঁচে।”
একই ধরনের কথা বললেন এলাকার আরো শতাধিক মানুষ।
এ ব্যাপারে মাদারীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রহিম খানের বক্তব্য জানতে চাইলে তিনি জানান, মাদারীপুরে নতুন করে আর্সেনিকপ্রবণ এলাকা চিহ্নিত হলেও গভীর নলকূপ স্থাপনের বিষয়টি পুরোপুরি রাজনৈতিক নেতাদের উপর নির্ভর করে। তারা গভীর নলকূপ স্থাপনের জায়গা চিহ্নিত করে ঠিক করে দিলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর শুধু নলকূপটি স্থাপন করে আসে।
“তবে আপনি যে এলাকার কথা বলছেন সেই এলাকায় আমরা খোঁজ নিয়ে দেখব কি হারে আর্সেনিক আক্রান্ত হয়েছে।”
আর্সেনিক দূষণের শিকার এলাকাবাসী বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করে তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/১৮০৮ ঘ.
bdnews24