নেত্রকোনা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনার বারহাট্টা উপজেলায় কুঁড়েঘরে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় মারা গেছে দুটি শিশু।
উপজেলার ব্রীকালিকা গ্রামে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
মৃত আব্দুল কাদির (৭) ও অজুফা আক্তার (৫) ওই গ্রামের দুলাল মিয়ার সন্তান।
বারহাট্টা থানার ওসি সুলতান আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ৯টার দিকে মোমবাতি থেকে দুলাল মিয়ার ঘরে আগুন লাগে। মুহূর্তেই তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
“দুলালের স্ত্রী হালেমা আক্তার তিন সন্তানকে নিয়ে ওই ঘরে ঘুমিয়ে ছিলেন। আগুনের আঁচ পেয়ে এক সন্তানকে নিয়ে ঘর থেকে বের হন তিনি। অন্য দুই ছেলে-মেয়েকে আর বের করা যায়নি,” বলেন পুলিশ কর্মকর্তা সুলতান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএইচ/০০২৭ ঘ.
bdnews24