কামাল হোসেন তালুকদার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় ৪৮ ঘণ্টা পর বিদ্যুৎ পেয়ে হাঁফ ছেড়ে বাঁচলেন ঢাকার দক্ষিণাঞ্চলের প্রায় ১৫ লাখ মানুষ।
বৃহস্পতিবার বিকাল থেকে পর্যায়ক্রমে বিদ্যুৎ পেতে শুরু করেন ওই অঞ্চলের বাসিন্দারা। হাসনাবাদ উপকেন্দ্রে আগুনের পর মঙ্গলবার রাতে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে দোহার, কেরানীগঞ্জ ও নবাবগঞ্জের বিশাল এলাকা।
বৃহস্পতিবার বিকাল থেকে ওই এলাকাগুলোয় পর্যায়ক্রমে বিদ্যুৎ দেওয়া শুরু হয়।
পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক (হাসনাবাদ) আমান উল্লাহ পাটোয়ারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রথমে দোহার ও নবাবগঞ্জে বিদ্যুৎ দেওয়া হয়। পরে পর্যায়ক্রমে কেরানীগঞ্জে বিভিন্ন অংশে বিদ্যুৎ দেওয়া হয়।
বিদ্যুৎবিহীন গত দুই দিনের দুর্ভোগের বর্ণনা দিতে গিয়ে কেরানীগঞ্জের আগানগর এলাকায় বাসিন্দা মো. শফিক আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জীবন এত কষ্টের হতে পারে, তা এর আগে বুঝিনি।”
গ্রীষ্মের এই তাপদহের মধ্যে দুই সন্তান, স্ত্রী ও বৃদ্ধ মাকে নিয়ে খুব যন্ত্রণায় কাটাতে হয়েছে বলে জানান তিনি।
“বুড়িগঙ্গার পাড়ে বাড়ি, কিন্তু নদীর পানিতে এত ময়লা যে একে পানি বলা যায় না।”
দুই শিশুকে বোতলের পানি কিনে গোসল করিয়েছিলেন বলে জানান শফিক।
মুসলিমাবাদ গ্রামের ঝালাই কারখানার মালিক মো. সালেক বলেন, “১০ জন কর্মচারীকে বসিয়ে রাখতে হয়েছে এই দুইদিন। উৎপাদন তো কিছুই হল না।”
জয়নগর গ্রামের গৃহবধূ শিউলী বেগম জানান, তার বাসায় রেফ্রিজেরেটরের সব খাবার নষ্ট হয়ে যাওয়ায় ফেলে দিতে হয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাইন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই দিন বিদ্যুৎ না থাকায় কম্পিউটার চালু করা যায়নি। ফলে দৈনিক অনেক কাজ কম্পিউটারে লিপিবদ্ধ করা যায়নি।
তিনি বলেন, “গত বৃহস্পতিবারের হরতালে গাড়ি ভাংচুর ও গাড়ি অগ্নিসংযোগ করায় দ্রুতবিচার আইনে ছয়টি মামলা হয়। এ মামলাগুলোর তদন্তও ব্যাহত হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/০০২০ ঘ.
bdnews24