বাগেরহাট, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের রামপালে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দায়িত্ব পালনকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসককে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে।
রফিকুল ইসলাম বাবুল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পেড়িখালী ইউপি চেয়ারম্যান।
ডা. সুকান্ত কুমার পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রফিকুল ইসলাম বাবুলের মেয়ে আইরিন নাহার (১৯) পারিবারিক কলহের জের ধরে অ্যারোসোল পান করে অসুস্থ হয়ে পড়লে রাত ১টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এর আগে রাত সাড়ে ১২টার দিকে রফিকুল ইসলাম বাবুল হাসপাতালে এসে তার মেয়ের জন্য কেবিন তৈরি রাখতে বলেন।
“এ সময় কেবিনের ব্যবস্থা করার আশ্বাস দিয়ে রোগী আসা পর্যন্ত অপেক্ষা করতে বললেও বাবুল বাককিতণ্ডার এক পর্যায়ে তাকে চড় ও ঘুষি মারেন,” বলেন তিনি।
এদিকে ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ কর্মচারী ও স্থানীয় গ্রামবাসীরা বৃহস্পতিবার ভোর থেকে হাসপাতালের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি শুরু করেন। এতে বেলা সাড়ে ১১টা পর্যন্ত হাসপাতালের চিকিৎসা সেবা বন্ধ থাকে। পরে স্থানীয় সংসদ সদস্য (বাগেরহাট-৩) সৈয়দা হাবিবুন নাহার বিচারের আশ্বাস দিলে সাড়ে ১১টার পর হাসপাতালে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়।
রফিকুল ইসলাম বাবুল বলেন, “আমাদের দু’জনেরই ভুল হয়েছিল। তিনি (চিকিৎসক) দায়িত্বশীল আচরণ করেননি। আমিও ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারিনি।”
তবে বিষয়টি মীমাংসা হয়ে গেছে বলে দাবি করেন তিনি।
সংসদ সদস্য সৈয়দা হাবিবুন নাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনাকাক্সিক্ষত একটি ঘটনায় মানুষ ক্ষুব্ধ হয়েছিল। রফিকুল ইসলাম বাবুল অন্যায় করেছেন। তাকে আমি ওই চিকিৎসকের কাছে ক্ষমা চাইতে বলেছি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/২০৫৭ ঘ.
bdnews24