২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও নয়শ’ সাইক্লোন সেন্টার নির্মাণ করবে সরকার

দুর্যোগ প্রশমন ও ঝুঁকি মোকাবেলায় সরকার আরও দেড়শ কোটি টাকার যন্ত্রপাতি কিনছে বলে জানালেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2012, 01:27 PM

Updated : 24 Aug 2022, 11:25 AM

চট্টগ্রাম, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্যোগ প্রশমন ও ঝুঁকি মোকাবেলায় সরকার আরও দেড়শ কোটি টাকার যন্ত্রপাতি কিনছে বলে জানালেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি বলেন, আরও নয়শ সাইক্লোন সেন্টার নির্মাণ করা হচ্ছে। দেশে এখন তিন হাজার সাইক্লোন সেন্টার রয়েছে বলে তিনি উল্লেখ করেন। বৃহস্পতিবার দুপুরে মন্ত্রী চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে ‘দুর্যোগ ঝুঁকি প্রশমন: আমাদের করণীয়’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আব্দুর রাজ্জাক জানান, ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগ প্রশমনে ইতিমধ্যে ৭০ কোটি টাকার যন্ত্রপাতি কেনা হয়েছে। অনেক সীমাবদ্ধতার মধ্যেও সরকার কাজ করার চেষ্টা করছে। এ প্রসঙ্গে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী উল্লেখ করেন যে, অতীতে ফায়ার সার্ভিসের ৬০ মিটারের চেয়ে দীর্ঘ ক্রেন ছিল না। এখন তাদের ৯০ মিটার দীর্ঘ ক্রেন আছে। তবে তিনি এও বলেন, শুধুমাত্র অর্থ খরচ করে দুর্যোগের সম্ভাব্য সব ঝুঁকি মোকাবেলা সম্ভব নয়। এ জন্য প্রস্তুতি দরকার। আব্দুর রাজ্জাক আরো বলেন, চট্টগ্রামসহ দেশের পাঁচটি জেলা সবচেয়ে বেশি ভূমিকম্পের ঝুঁকির মধ্যে রয়েছে। এ ঝুঁকি মোকাবেলায় সারাদেশে ৬৫ হাজার স্বেচ্ছাসেবক গড়ে তোলা হয়েছে। ইতিমধ্যে ১২ হাজার জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গণস্বাক্ষরতা অভিযান ও চট্টগ্রামের বেসরকারি সংস্থা ‘আমরা করবো জয়’ এর আয়োজনে এ সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. ওবায়দুল করিম দুলাল। আমরা করবো জয় এর প্রধান শওকত বাঙালির সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুদ্দিন আহমেদ, চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক গোালাম মোহাম্মদ ভুইয়া, সাংবাদিক এম নাসিরুল হক, কবি ওমর কায়সার প্রমুখ। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, সমকাল, ডেইলি সান, চ্যানেল আই, দৈনিক পূর্বকোণ, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম। এর আগে সকালে খাদ্যমন্ত্রী নগরীর হালিশহরে ৮৪ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতার সিএসডি গুদামের নির্মাণ কাজ পরিদর্শন করেন। ২১৮ দশমিক ৭১ কোটি টাকা ব্যয়ে এ গুদাম নির্মাণ করছে সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/১৯১৬ ঘ.