চট্টগ্রাম, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে বালি তোলার অভিযোগে কর্ণফুলী নদী থেকে আটটি ড্রেজার ও ভলগেট জব্দ করা হয়েছে।
বুধবার রাতে চট্টগ্রাম বন্দর ও কোস্টগার্ডের সদস্যরা যৌথভাবে কর্ণফুলী নদীর বাকলিয়া চর এলাকা থেকে বালুভর্তি এসব নৌ-যান আটক করে।
উপকূলরক্ষী বাহিনীর (কোস্টগার্ড) চট্টগ্রাম অঞ্চলের স্টাফ অফিসার জসিমুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এসব নৌযান আটক করা হয়েছে।
আটক নৌযানের মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
আটক নৌ-যানগুলো হল- প্যাসিফিক মেরিন সার্ভিসের খননকারী নৌযান (ড্রেজার) টিএমএসজি এবং বালি রাখার নৌযান (ভলগেট) গাঙচিল।
শিকলবাহা এলাকার মো. মহিউদ্দিনের মালিকানাধীন ড্রেজার এমভি শাহ আমানত-২, বুড়িগঙ্গা ও বিসমিল্লাহ।
এছাড়া কালামিয়া বাজার এলাকার মো. জাকারিয়ার মালিকানাধীন এমডি গাউছিয়া, কর্ণফুলী এবং ‘আল্লার মালিক’।
এর মধ্যে প্যাসিফিক মেরিন সার্ভিসেস বন্দরের ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পে নিয়োজিত মালয়েশিয়ান কোম্পানির স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজ করছে।
বন্দর থেকে পাওয়া তথ্যে জানা গেছে, কর্ণফুলী নদীর নয়টি ব্লক ইজারা দিয়ে বালি উত্তোলনের অনুমতি দেওয়া হয়েছিল আগে। কিন্তু ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের কাজ শুরুর পর তা বন্ধ করে দেওয়া হয়।
এরপরও নিয়ম ভেঙে বালি উত্তোলন করে আসছিল কিছু প্রতিষ্ঠান। পর্যবেক্ষণের পর অভিযানে এসব নৌ-যান আটক করা হয়।
চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জব্দকৃত ড্রেজার ও ভলগেটগুলো বন্দর কর্তৃপক্ষের হেফাজতে রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৯২৫ ঘ.
bdnews24