নারায়ণগঞ্জ, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলায় পুকুরে ডুবে মারা গেছে স্কুলছাত্র দুই সহোদর।
সিদ্দিরগঞ্জ থানার ওসি কামরুল আলম মোল্লা জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের কদমতলী নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত মো. সাইফুল আলম হৃদয় (১২) ও মো. সজিব (৮) সদর উপজেলার পাইনাদী এলাকার বাসিন্দা বিল্লাল হোসেনের ছেলে।
হৃদয় মিজমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণী ও সজিব পাইনাদী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
নানার বাড়ি নয়াপাড়ায় এসে দুই ভাই পুকুরে ডুবে মারা যায় বলে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তিনি বলেন, বেলা সাড়ে ১১টার দিকে ওই এলাকার মুক্তিযোদ্ধা পুকুরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায় দুজনই। অনেক খোঁজাখুঁজির পর দুপুর ১টার দিকে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
ওসি জানান, শিশু দুটির বাবা বিল্লাল একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তার বাড়ি ভোলার চরফ্যাশন থানার দক্ষিণ আইচা গ্রামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১৭৫৫ ঘ.
bdnews24