বরিশাল, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের বাকেরগঞ্জে বরিশাল-পটুয়াখালী সড়কে বাসের নিচে পড়ে ওই বাসেরই চালকের সহকারী নিহত হয়েছেন।
বুধবার দুপুরে সড়কের বাকেরগঞ্জ উপজেলার বাহাদুরপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খোকন মুন্সী (২৫) ঝালকাঠীর নলছিটি উপজেলার রায়পুর গ্রামের আলম মুন্সীর ছেলে।
বাকেরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) জিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পটুয়াখালী থেকে যাত্রী নিয়ে বৈশাখী পরিবহনের একটি বাস বরিশাল যাচ্ছিলো। বাসটি বাকেরগঞ্জের বাহাদুরপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসকে জায়গা করে দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায় বাসটি।
এ সময় বাসের নিচে পড়ে চালকের সহকারী খোকন ঘটনাস্থলেই মারা যান বলে জানান তিনি। দুর্ঘটনায় পড়ার আগে খোকন বাসের দরজায় দাঁড়ানো অবস্থায় ছিলেন।
এসআই জিয়া জানান, দুর্ঘটনায় বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১৭৫০ ঘ.
bdnews24