গাজীপুর, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে কারখানার নিরাপত্তা কর্মীদের অচেতন করে পোশাক তৈরির কাপড় ও নগদ টাকা লুট হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
গাজীপুর সদর উপজেলার চানপাড়া এলাকার নিডল ড্রপস লিমিটেডে বৃহস্পতিবার ভোররাতে এ ঘটনা ঘটে।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক সফদার হোসেন সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে কারখানায় সদ্য নিয়োগপ্রাপ্ত নিরাপত্তাকর্মী শফিকুল ইসলাম তার অপর তিন সহকর্মীকে কোমল পানীয় ও মিষ্টি খাওয়ায়। এতে কারখানার সিকিউরিটি ইনচার্জ আবুল কাশেম (৪০) নিরাপত্তাকর্মী রামজান আলী (৩৫) ও আহমদ উল্লাহ (৪৫) অচেতন হয়ে পড়েন।
পরে দুর্বৃত্তরা কারখানায় ঢুকে গুদামে থাকা প্রায় ৩০ হাজার গজ আমদানিকৃত পোশাক তৈরির কাপড় ও নগদ ১ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
লুন্ঠিত মালামালের আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা বলে কর্তৃপক্ষ দাবি করেছে।
এ ঘটনায় জয়দেবপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৬৩০ ঘ.
bdnews24