ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পানির অপচয় রোধে সমন্বিত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে জাতীয় পানি সম্পদ পরিষদের বৈঠকে শেখ হাসিনা এই নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় পানি সম্পদ পরিষদের অষ্টম বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এ সময় ২৫ বছর মেয়াদী পানি ব্যবস্থাপনা পরিকল্পনা হালনাগাদ করা এবং এর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। পানি সম্পদের প্রকৃত ব্যবহার নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে সমন্বিত উদ্যোগ নিতে বলেন।
নদীর নাব্যতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা, পানি সম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, নৌ পরিবহণ মন্ত্রী শাজাহান খানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে নিউজিলান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, বাংলাদেশে নিউজিল্যান্ডের নবনিযুক্ত রাষ্ট্রদূত আভেরিল হেনডারসন বৃহস্পতিবার সকালে শেখ হাসিনার সঙ্গে প্রধানমন্ত্রী কার্যালয়ে সাক্ষাৎ করেন।
এ সময় প্রধানমন্ত্রী দু’দেশের বাণিজ্য সম্পর্কের ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশ থেকে আরো পণ্য আমদানির জন্য নিউজিল্যান্ডের প্রতি আহ্বান জানান।
নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রধানমন্ত্রী তুলে ধরেন।
সাক্ষাতকালে অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন এবং পররাষ্ট্রমন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/১৬১৫ ঘ.
bdnews24