চট্টগ্রাম, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২৫ মে চট্টগ্রামে দিনব্যাপী অনুষ্ঠান করবে ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম জেলা সংসদ।
বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি চট্টগ্রামের আহবায়ক অশোক সাহা।
সকাল ৯টায় নগরীর শহীদ মিনারে অনুষ্ঠান উদ্বোধন করবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক বেলাল মোহাম্মদ।
এরপর শহীদ মিনার থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে মুসলিম হলে এসে শেষ হবে। বিকাল ৩টায় মুসলিম হলে স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
আলোচক থাকবেন সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য হায়দার আকবর খান রনো, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, গণফোরাম সভাপতিমণ্ডলীর সদস্য পংকজ ভট্টাচার্য, সাবেক ডাকসু ভিপি মাহফুজা খানম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক এম এম আকাশ প্রমুখ।
১৯৫২ সালের ২৬ এপ্রিল বাংলাদেশ ছাত্র ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির ৬০ বছর পূর্র্তিতে এক বছরব্যাপী নেয়া কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে এই অনুষ্ঠান হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২২১০ ঘ.
bdnews24