২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পলিটেকনিক ছাত্রদের সড়ক অবরোধ

সরকারী চাকরিতে ডিপ্লোমা প্রকৌশলীদের দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার পদমর্যাদা পুনর্বহালের দাবিতে বুধবার নগরীতে সড়ক অবরোধ করে চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2012, 03:25 PM

Updated : 24 Aug 2022, 11:25 AM

চট্টগ্রাম, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারী চাকরিতে ডিপ্লোমা প্রকৌশলীদের দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার পদমর্যাদা পুনর্বহালের দাবিতে বুধবার নগরীতে সড়ক অবরোধ করে চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। দুপুর একটা থেকে প্রায় আধ ঘন্টা ২ নম্বর গেট এলাকায় বায়েজিদ বোস্তামী সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। তারা ওই সড়কের মোড়ে এসে টায়ার জড়ো করে তাতে আগুন ধরিয়ে দেয়। অবরোধে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, ২০০৮ সাল পর্যন্ত ডিপ্লোমা প্রকৌশলীরা সরকারি চাকরিতে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার পদমর্যাদা পেত। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে সরকারি এক আদেশে ডিপ্লোমা প্রকৌশলীদের সরকারি চাকরিতে দ্বিতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীর পদমর্যাদায় নামিয়ে আনা হয়। ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জনিয়ার্স কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক শামসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৮ সালের ২৯ মে থেকে সরকারি চাকরিতে দ্বিতীয় শ্রেণীর পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়োগ দেওয়া হচ্ছে না। তাদেরকে তৃতীয় শ্রেণীর পদে নিয়োগ দেওয়া হচ্ছে। পাঁচলাইশ থানার উপ পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইন্সটিটিউটের শিক্ষার্থীরা ১০ থেকে ১৫ মিনিটের জন্য সড়ক অবরোধ করে রাখে। তাদেরকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষ বরাবর এ বিষয়ে আবেদন করার কথা বলা হলে তারা অবরোধ তুলে নেয়। ইন্সটিটিউটে ছাত্রলীগের সভাপতি রায়হানুল কবির শামীম বলেন, ডিপ্লোমা প্রকৌশলীদের দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা দিতে হবে। এ দাবিতে আন্দোলন আগামীতেও অব্যাহত থাকবে। চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউটের মেকানিক্যাল বিভাগের শিক্ষক ও ইন্সট্্রাক্টর রূপক কান্তি বিশ্বাস জানান, বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। আশা করি এর সমাধান হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এইচএ/২১১৬ ঘ.