ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিষ্ঠানের সাবেক চেয়ারম্যান এবং ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক মোজাফফর আহমদের মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
বুধবার গণমাধ্যমে পাঠানো তাদের শোকবার্তায় বলা হয়, মোজাফফর আহমদের মৃত্যুতে দুর্নীতিবিরোধী আন্দোলন একজন সাহসী, উদ্যমী অভিভাবক ও পথপ্রদর্শককে হারাল।
অধ্যাপক মোজাফফর বার্ধক্যজনিত নানা রোগে ভুগে মঙ্গলবার রাতে মারা যান। তার বয়স হয়েছিল ৭৯ বছর।
অধ্যাপক মোজাফফরকে বাংলাদেশে দুর্নীতিবিরোধী আন্দোলনের রূপকার অভিহিত করে টিআইবি বলেছে, “একজন সৎ ও দেশপ্রেমিক মানুষ হিসেবে তিনি ছিলেন অনুকরণীয় আদর্শ। তিনি আমাদের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন।”
অধ্যাপক মোজাফ্ফরের প্রদর্শিত পথে প্রতিকূলতার মধ্যেও দুর্নীতিবিরোধী আন্দোলনকে এগিয়ে নিয়ে টিআইবি এগিয়ে যাবে বলে বিবৃতিতে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমডি/১৬৪৫ ঘ.
bdnews24