ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থনীতিবিদ ও নাগরিক অধিকার আন্দোলনের নেতা অধ্যাপক ড. মোজাফফর আহমদের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে বিশিষ্টজনেরা বলেছেন, তার মৃত্যুতে দেশ একজন সেরা সন্তানকে হারাল।
মঙ্গলবার অসুস্থ অবস্থায় ল্যাব এইড হাসপাতালে নেওয়ার পর রাত ১১টা ২২ মিনিটে চিকিৎসকরা জানান, অধ্যাপক মোজাফফর মারা গেছেন।
একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক মোজাফফরের বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন।
ধানমণ্ডির শাহী ঈদগাহ মাঠ ও ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে দুটি জানাজার পর অধ্যাপক ড. মোজাফফর আহমদকে দাফন করা হয়েছে আজিমপুর কবরস্থানে।
মঙ্গলবার রাতে মোজাফফর আহমেদের মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখার পর সকালে কফিন নিয়ে যাওয়া হয় রাজধানীর সাত মসজিদ রোডে তার বাসভবনে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুলতানা কামাল, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টর মঈনুল হোসেন, নাট্যকার মামুনুর রশিদ, সুজন সম্পাদক অধ্যাপক বদিউল আলম মজুমদার, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফসহ অনেকেই নাগরিক অধিকার আন্দোলনের এই নেতাকে শেষবারের মতো দেখতে তার বাসায় যান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, “অধ্যাপক মোজাফফর সবসময় বলতেন, তার কাছে বিশ্বাস, পরিবারের প্রতি আনুগত্য ও দেশপ্রেম সবচেয়ে বড়। বন্ধু হিসাবে ও মানুষ হিসাবেও তিনি খুব ভাল ছিলেন। দেশের একজন সেরা সন্তান চলে গেলেন।”
সুলতানা কামাল বলেন, “আমরা একজন অভিভাবক হারালাম। এ ক্ষতি পূরণ হওয়ার নয়।”
অধ্যাপক মোজাফফর দেশে সুশাসন প্রতিষ্ঠায় অনন্য অবদান রেখেছেন উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, “তার মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হলো।”
বুধবার বাদ জোহর ধানমণ্ডির শাহী ঈদগাহ মাঠে মোজাফফর আহমদের প্রথম জানাজা হয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে এই অধ্যাপকের দ্বিতীয় জানাজা হয়।
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, রেহমান সোবহান, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রধান রাশেদ খান মেনন, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রধান আবদুল্লাহ আবু সায়ীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক সাবেক উপাচার্য মনিরুজ্জামান মিয়া, সাবেক উপদেষ্টা হাফিজউদ্দিন আহমেদ, কলাম লেখক আবুল মকসুদ, সাংসদ ফজলে নূর তাপস, সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেনসহ বিশিষ্টজনেরা জানাজায় অংশ নেন।
অধ্যাপক মোজাফফরের ছেলে সিরাজ আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে জানাজা শেষে তার বাবাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমিরেটাস মোজাফফর নাগরিক সংগঠন সুজন (সুশাসনের জন্য নাগরিক)-এর সভাপতি ছিলেন।
তিনি দীর্ঘদিন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। সর্বশেষ টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক মোজাফফর ২০০৮ সালে একুশে পদক পান। পরিকল্পনা কমিশনের সাবেক এই সদস্য শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি নিয়েছিলেন।
সুজন সম্পাদক অধ্যাপক বদিউল আলম মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অধ্যাপক মোজাফফর বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি হাইপারটেনশন এবং ডায়াবেটিসেও ভুগছিলেন।
মোজাফফর আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এক শোক বার্তায় বলেন, “তিনি ছিলেন এক নিবেদিতপ্রাণ শিক্ষক। শিক্ষা, গবেষণা ও সামাজিক উন্নয়নে তার অসাধারণ ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক শোক বার্তায় মোজাফফর আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
আরেক শোকবার্তায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
বিএনপি চেয়ারপারসন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপদেষ্টা হিসেবে অধ্যাপক মোজাফফরের দায়িত্ব পালনের কথা স্মরণ করেন এবং প্রয়াতের পরিবারের প্রতি সমবেদনাও জানান।
অধ্যাপক মোজাফফরের দীর্ঘ দিনের কর্মসঙ্গী টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি গণমানুষের প্রতি দরদ থেকে আজীবন সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন।”
জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ, ডেপুটি স্পিকার শওকত আলী ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত
পৃথক বার্তায় মোজাফফর আহমেদের মৃত্যুতে শোক জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/আরএ/জেকে/১৬০১ ঘ.
bdnews24