ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন।
উল্লাপাড়ার সলঙ্গা থানার ওসি ওবায়দুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ-পাবনা মহাসড়কের রানীনগরে এ দুর্ঘটনা ঘটে।
এম কে পরিবহনের বাসটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ১১ জন নিহত হন। আরো ১০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।
উল্লাপাড়া ফায়ার ব্রিগেডের স্টেশন কর্মকর্তা আব্দুর রহমান জানান, ঘটনাস্থল থেকে ১১টি লাশ উদ্ধার করা হয়েছে।
নিহতদের মধ্যে ছয় জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঝাপড়া চকবিরামপুর গ্রামের নূর হোসেনের ছেলে আইয়ুব আলী (৩২), বগুড়ার ধুনট উপজেলার কুড়িগাতি গ্রামের আব্দুল শেখের ছেলে মো. আলম (৩০), একই গ্রামের শামসুল শেখের ছেলে চান মোহাম্মদ (৩৬), মৃত আব্দুস সামাদের ছেলে আব্দুর রাজ্জাক (২০), আবুল কাশেমের ছেলে শাহ আলম (২২) এবং আব্দুল আলীর ছেলে গোলাম হোসেন (২২)।
ওসি জানান, নিহতদের সবাই ধান কাটার শ্রমিক। তারা সিরাজগঞ্জ থেকে পাবনা যাচ্ছিলেন।
আটজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি তিনটি লাশ হাটিকুমরুল মহাসড়ক পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
ওসি জানান, আহতদের মধ্যে পাবনার গৃহবধু রুমা খাতুন (৩০) ও তার ছেলে সোহেলের পরিচয় পাওয়া গেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৮২৪ ঘ.
bdnews24