ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কবি কাজী নজরুল ইসলামের ১১৩তম জন্মবার্ষিকী এবং তার ‘বিদ্রোহী’ কবিতা রচনার ৯০তম বার্ষিকী উপলক্ষে ঢাকায় দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করছে ভারত ও বাংলাদেশ সরকার।
তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ বুধবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন।
ভারত সরকারের পক্ষে দেশটির আইন ও বিচারমন্ত্রী সালমান খুরশিদ সম্মানিত অতিথি হিসেবে এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়া ভারতের দু’জন সাংসদ এবং সঙ্গীত ও আবৃত্তি শিল্পীদের একটি প্রতিনিধি দলও এতে যোগ দেবে বলে জানান মন্ত্রী।
দুই দিনের এই অনুষ্ঠানমালায় আলোচনা ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবির রচিত পুস্তক প্রদর্শনী থাকবে। এসব অনুষ্ঠানের আয়োজন হবে সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমীতে।
এছাড়া কবির বিচরণক্ষেত্র কুমিল্লা, ময়মনসিংহের ত্রিশাল, চট্টগ্রাম ও খুলনায়ও এ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে।
১৮৯৯ সালের ২৪ মে ভারতের পশ্চিমবঙ্গে জন্ম নেওয়া নজরুলের জীবনের বেশিরভাগ সময় কলকাতায় কাটলেও শেষ জীবন কাটে বাংলাদেশে। তাকে জাতীয় কবির সম্মান দেয় বাংলাদেশ।
তার ‘বিদ্রোহী’ কবিতাটি প্রকাশ হয় ১৯২২ সালে, যা ব্রিটিশবিরোধী আন্দোলনে বাঙালির অনুপ্রেরণা হিসেবে কাজ করে। নজরুল নিজেও পরে বিদ্রোহী কবি হিসেবে পরিচিতি পান।
অন্যদের মধ্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদন মানকিন, সংস্কৃতি সচিব সুরাইয়া বেগম, অতিরিক্ত সচিব শ্যাম সুন্দর পাল, প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হারুন অর রসিদ এবং নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক রশীদ হায়দার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৩০৫ ঘ.
bdnews24