মানিকগঞ্জ, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সালিশে কথা কাটাকাটির জেরে হামলায় একজন নিহত হয়েছেন। আহত হন অন্তত ১৪ জন।
মঙ্গলবার সন্ধ্যায় চরভাকুল গ্রামে এ হামলা হয়। নিহত আজিজুল ইসলাম আনজু (৪০) দুর্গাপুর গ্রামের বকেল উদ্দিনের ছেলে।
সিঙ্গাইর থানার ওসি শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার জমি নিয়ে এক সালিশে আজিজুল ইসলাম আনজুর সঙ্গে পাশের চরভাকুল গ্রামের হযরত আলীর কথা কাটাকাটি হয়।
এর জেরে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে হযরত আলী ফকিরের লোকজন লাটিসোঠা ও টেটাসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে অপরপক্ষের লোকজনের ওপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন আজিজুল।
সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে টেটাবিদ্ধ আজিজুল ইসলামের মৃত্যু হয়।
আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৩ ঘ.
bdnews24