২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাছধরা ট্রলার থেকে মদ উদ্ধার

কক্সবাজারের উখিয়া উপজেলায় মঙ্গলবার বিপুল বিদেশি মদসহ একটি মাছধরা ট্রলার আটক করেছে নৌবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2012, 04:40 PM

Updated : 24 Aug 2022, 11:24 AM

কক্সবাজার, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের উখিয়া উপজেলায় মঙ্গলবার বিপুল বিদেশি মদসহ একটি মাছধরা ট্রলার আটক করেছে নৌবাহিনী। জালিয়াপালং ইউনিয়নের রূপপতি উপকূলে আটক এই ট্রলার থেকে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের আড়াই হাজার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয় বলে নৌবাহিনীর কর্মকর্তা জানিয়েছেন। নৌবাহিনীর অভিযানে থাকা সাব-লেফট্যানেন্ট মোহাম্মদ শরিফ সাংবাদিকদের বলেন, ট্রলারটি থেকে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, মদ বোঝাই ট্রলারটি মঙ্গলবার সকালে টেকনাফের সেন্টমার্টিন উপকূল হয়ে চট্টগ্রামের উদ্দেশে যাওয়ার সময় নৌবাহিনীর জাহাজ ‘মেঘনা’ ইনানীর দক্ষিণে প্রায় পাঁচ কিলোমিটার ধাওয়া করে। ধাওয়া খেয়ে এটি উখিয়ার রূপপতি সমুদ্র চরে নোঙর করে। এররপ চালক ও ট্রলারে থাকা লোকজন পালিয়ে যায়। পরে নৌবাহিনী সেখানে গিয়ে উখিয়া থানায় খবর দেয়। উখিয়া থানার ওসি অপ্পেলা রাজু নাহা ও নৌবাহিনীর সাব-লেফট্যানেন্ট মোহাম্মদ শরিফ সাংবাদিকদের বলেন, স্থানীয় জনতার উপস্থিতিতে ওই ট্রলার থেকে উদ্ধার করা আড়াই হাজার বোতল বিদেশি মদ উখিয়া থানায় জমা দেওয়া হয়েছে। এছাড়া জব্দ করা ট্রলারটি স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য রফিক আহমদের জিম্মায় রাখা হয়েছে। এই ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে, বলেন ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২৭ ঘ.