খুলনা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুলিতে নিহত আওয়ামী লীগ নেতার সমর্থকদের ভাংচুরের জের ধরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষানবিস চিকিৎসকরা দ্বিতীয় দিনও কর্মবিরতি পালন করেছেন।
সোমবার সকাল থেকে এই কর্মবিরতি শুরু হয়।
একই সঙ্গে জেলার সকল সরকারি-বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানেও প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত কর্মবিরতির চলছে চিকিৎসকদের।
এতে কারণে রোগীরা ভোগান্তির মধ্যে পড়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
রোববার সন্ধ্যায় জেলা দলিল লিখক সমিতির যুগ্ম-মহাসচিব আওয়ামী লীগ নেতা জাকির হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মৃত্যুর পর রোগীর সঙ্গে আসা লোকজন হাসপাতালে ব্যাপক ভাংচুর চালায়। এর প্রতিবাদে শিক্ষানবিস চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেন।
বিষয়টি নিয়ে মঙ্গলবার সকালে নবিস চিকিৎসকরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সভা বৈঠক করেন। বৈঠকে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পরিতোষ কুমার কুণ্ডু ছাড়াও অন্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
বৈঠক চলাকালে হাসপাতালের সার্জারি ওয়ার্ডের এক নম্বর ইউনিটে গিয়ে কোনো চিকিৎসক দেখেননি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি।
ওই সময় ওয়ার্ডের অধ্যাপক সাইদুর রহমানের কক্ষে কয়েকজন চিকিৎসককে বসে থাকতে দেখেন তিনি।
অধ্যাপক সাইদুর রহমান বলেন, “ইন্টার্নি চিকিৎসক ছাড়া সেবা দেয়া সম্ভব নয়। সিনিয়র চিকিৎসকরা রাউন্ড দিয়ে চলে যান। ফলে ইন্টার্নি চিকিৎসকরা না থাকলে হাসপাতাল অচল হয়ে পড়ে।”
অন্য ওয়ার্ডে গিয়েও একই অবস্থা দেখা গেছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক পরিতোষ কুমার কুণ্ডু বলেন, চিকিৎসকদের নিরাপত্তার জন্য সোনাডাঙ্গা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১২১ ঘ.
bdnews24