২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাসড়কে ডাকাতি: চট্টগ্রামে ডিআইজি’র সঙ্গে বৈঠক ব্যবসায়ীদের

মহাসড়কে পণ্যবাহী যানে ডাকাতি বন্ধে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি’র সঙ্গে বৈঠক করেছেন ব্যবসায়ীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2012, 02:58 PM

Updated : 24 Aug 2022, 11:24 AM

চট্টগ্রাম, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাসড়কে পণ্যবাহী যানে ডাকাতি বন্ধে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি’র সঙ্গে বৈঠক করেছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার চট্টগ্রাম চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মাহাবুবুল আলমের নেতৃত্বে ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নওশের আলীর সঙ্গে বৈঠক করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পণ্য পরিবহনে নিরাপত্তা জোরদারের দাবি জানান। এসময় ব্যবসায়ীরা পণ্যবাহী ট্রাকে ডাকাতি ও ছিনতাই রোধে চট্টগ্রাম চেম্বারসহ ব্যবসায়ী ও পরিবহন খাত সংশ্লিষ্ট সংগঠনের সমন্বয়ে একটি মনিটরিং সেল গঠন, মহাসড়ক ট্রাক টার্মিনাল নির্মাণ ও মহাসড়ক পুলিশের সক্ষমতা বাড়ানোসহ বিভিন্ন প্রস্তাব দেন। বৈঠকে ট্রাক-কাভার্ড ভ্যানের চালক, সহকারী ও গাড়ির তথ্য সম্বলিত একটি ডাটা বেস চালুর প্রস্তাব দেওয়া হয়। এছাড়া এ সংকট নিরসনে চট্টগ্রামের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকায় উর্ধতন পুলিশ কর্মকর্তাদের সভা করার সিদ্ধান্তও নেওয়া হয়। চট্টগ্রাম রেঞ্জ সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর পর থেকে আশুলিয়া অংশে পণ্যবাহী ট্রাকে বেশি ডাকাতি হয় বলে উল্লেখ করা হয়। এছাড়া বৈঠকে মহাসড়কে ডাকাতি বন্ধে ব্যবসায়ী-পুলিশের মধ্যে প্রতি দুইমাস অন্তর সভার করার ওপরও গুরুত্বারোপ করা হয়। ডিআইজি নওশের আলী বলেন, মহাসড়কে ডাকাতির ঘটনায় গত ১৬ মাসে মোট ১৮টি মামলা হয়েছে। কিছু মামলার ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে। চেম্বার পরিচালক সৈয়দ ছগীর আহমদ, চেম্বার পরিচালক ছৈয়দ ছগীর আহমদ, জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), অহীদ সিরাজ স্বপন, মোরশেদ আরিফ চৌধুরী, আফসার হাসান চৌধুরী চট্টগ্রাম স্টিল রি-রোলিং মিলস্ ওনার্স অ্যাসোসিয়েশন’র সভাপতি জাফর আলম, চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার নজরুল ইসলাম বিপিএম, মহাসড়ক পুলিশ চট্টগ্রাম জোনের এএসপি শাহ মো. আবদুর রউফ, আন্তঃজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতি’র সভাপতি মুনীর আহামেদ, চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির সভাপতি নূরুল বাহার প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২০৪৮ ঘ.