২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুদ্ধি প্রতিবন্ধীদের রোগী মনে করবেন না: প্রধানমন্ত্রী

বুদ্ধিপ্রতিবন্ধীদের রোগী হিসাবে না দেখে, সমাজের একটি অংশ হিসাবে বিবেচনা করে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য সবার প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2012, 02:01 PM

Updated : 24 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুদ্ধিপ্রতিবন্ধীদের রোগী হিসাবে না দেখে, সমাজের একটি অংশ হিসাবে বিবেচনা করে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য সবার প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার স্পেশাল অলিম্পিকস প্রথম দক্ষিণ এশীয় ফাইভ অ্যা সাইড ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, “বুদ্ধিপ্রতিবদ্ধীদের রোগী হিসাবে না দেখে, সমাজের একটি অংশ হিসাবে বিবেচনা করতে হবে। তাদের অবহেলা না করার জন্য আমি সকলের প্রতি আহবান জানাচ্ছি। পরিবার ও সমাজ জীবনে বুদ্ধিপ্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।” রাজধানীর আর্মি স্টেডিয়ামে বিকালে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ভারত, পাকিস্তান এবং স্বাগতিক বাংলাদেশের পাঁচটি দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ এই প্রতিযোগিতার আয়োজন করেছে। শেখ হাসিনা প্রতিযোগীদের উদ্দেশে বলেন, “আমার আসার একটাই উদ্দেশ্য। তা হল, তোমাদের সঙ্গে সাক্ষাৎ করা এবং তোমাদের খেলা দেখা। তোমরা আর অবহেলিত নও। তোমরা আমাদেরই সন্তান।” আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের বুদ্ধিপ্রতিবন্ধী ক্রীড়াবিদদের সাফল্যগাথাও বক্তব্যে তুলে ধরে তিনি বলেন, “সুস্থ খেলোয়াড়রা যা পারেনি, তোমরা তা পেরেছো।” বুদ্ধি প্রতিবন্ধীদের সমাজের মূল ধারায় আনতে অভিভাবকদের পাশাপাশি শিক্ষকদেরও আন্তরিক হওয়ার পরামর্শ দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বুদ্ধিপ্রতিবন্ধীদের পরিবারে এবং সমাজে সমঅধিকারের ভিত্তিতে পুনর্বাসনের প্রচেষ্টা সরকার চালিয়ে যাচ্ছে। ঢাকায় প্রতিবন্ধী ক্রীড়া কমপ্লেক্স স্থাপন এবং দেশের সব বিভাগীয় শহরে প্রতিবন্ধীদের জন্য বিশেষায়িত হাসপাতাল তৈরির পরিকল্পনাও জানান তিনি। সাভারে শেখ ফজিলাতুননেসা মুজিব বিশেষায়িত হাসপাতালে প্রতিবন্ধী শিশুদের সেবার জন্য নার্সদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে বলেও প্রধানমন্ত্রী জানান। শিশুনীতিতে প্রতিবন্ধী শিশুদের প্রতি বিশেষ যতœ নেওয়ার নির্দেশনার উল্লেখ করে তিনি বলেন, “প্রতিটি প্রতিবন্ধী শিশু তার বাড়ির কাছের বিদ্যালয় হতে শুরু করে সকল শিক্ষা প্রতিষ্ঠানে অন্য সবার মত পড়াশুনা করার সুযোগ নিশ্চিত করে দিচ্ছি।” বুদ্ধিপ্রতিবন্ধীদের খেলাধুলায় সম্úৃক্ত করার লক্ষ্যে এবং প্রশিক্ষণ, অনুশীলন ও প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টির জন্য সরকার স্পেশাল অলিম্পিকস স্পোর্টস কমপ্লেক্স প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে বলেও শেখ হাসিনা জানান। শেখ হাসিনা অনুষ্ঠানস্থলে পৌঁছলে তাকে স্বাগত জানান স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের চেয়ারপারসন শামীম মতিন চৌধুরী। অনুষ্ঠানে সমাজ কল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েসনের সভাপতি সেনা প্রধান জেনারেল মো. আব্দুল মুবিন বক্তব্য রাখেন। বাংলাদেশে স্পেশাল অলিম্পিকসসের প্রতিষ্ঠাতা আশরাফ দ্দৌলা, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংক সভাপতি নজরুল ইসলাম মজুমদার এবং গ্রামীণফোনের সিইও টরে জনসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।। এই প্রতিযোগিতা আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ অ্যাসোসিয়েসন অফ ব্যাংক এবং গ্রামীণফোন। নজরুল ইসলাম মজুমদার এক্সিম ব্যাংকের পক্ষ থেকে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশকে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএমআর/এমআই/২০০০ ঘ.